শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’ মঞ্চস্থ
- আপলোড তারিখঃ
২৭-০২-২০২০
ইং
দর্শনায় চলছে অনির্বাণ থিয়েটারের তিন যুগপূর্তি উৎসব
দর্শনা অফিস:
‘গাহি সাম্যের গান/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ক্রিশ্চান শীর্ষক’ অনির্বাণ-এর তিন যুগপূর্তি উৎসবের পঞ্চম দিন ছিল গতকাল। এ দিন বিকেলে উৎসব মঞ্চে পরিবেশিত হয় দর্শনা পৌর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় হিন্দোল সংগীত পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষ ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘তৃতীয় একজন’। নাটকটি লিখেছেন সমীর দাস গুপ্ত আর নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা।
সামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আর সামীরের স্ত্রী তুলি শিক্ষিতা তথাপি শুধুই গৃহিনী। একাকী, নিঃসঙ্গ এক নারী। যে তুলি এক সময় তুখোড় নৃত্যশিল্পী ছিল, ডক্টরেট করে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখত, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে খুবই লোভনীয় চাকরি পেয়েও সামীরের চধংংরাব আপত্তির কারণে চাকরি করা থেকে বিরত থেকেছে, সেই তুলি যখন স্বামীর সংসারে চার দেয়ালে বন্দি এক অস্তিত্বহীন সত্ত্বা হয়ে কেবলই ডানা ঝাঁপটাতে থাকে, তখন সামীর ব্যস্ত নিজের ক্যারিয়ার আর লেখক হিসেবে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা গড়ে তোলার রেসে।
‘তৃতীয় একজন’ নাটকের গল্প হচ্ছে সামীরের ব্যস্ততা এবং তুলির নিঃসঙ্গ একাকী জীবনের ভেতর তৃতীয় একজনের ঢুকে পড়ার গল্প। সেই তৃতীয় একজনের নাম বিবেক। সে আবার তুলির পূর্ব পরিচিত। এই তৃতীয় একজন তুলি সঙ্গে একসময় একই গুরুর কাছে নাচ শিখত, তুলিকে খুবই পছন্দ করত। তুলি ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে স্বপ্ন দেখত এবং সেই ততৃীয় একজন তুলির নাচ ছেড়ে দেবার কারণে ভীষণভাবে কষ্টও পেয়েছিল। একদিন হঠাৎ করেই তৃতীয় একজন উপস্থিত হয় তুলির বাসায় সামীরের অনুপস্থিতিতে এবং তারপর থেকে সে প্রায় প্রতিনিয়তই আসতে থাকে।
তুলির নিঃসঙ্গ একাকী গুমোট অন্ধকার জীবনে তৃতীয় একজন হঠাৎ করে উড়ে আসা একটা জোনাকি। অজানা অচেনা একজনের টেলিফোন বার্তার মাধ্যমে তুলির স্বামী সামীর সে কথা জানতে পেরে ছুটে যায় বাসায়। তৃতীয় একজনকে পায় না, তবে তার ফেলে যাওয়া একটি কোট আবিস্কার করে ড্রইং রুমের সোফার ওপর থেকে। ভেঙে যায় সামীরের এতদিনের বিশ্বাস, ভালোবাসা ও বন্ধন। নষ্ট হয়ে যায় সামীরের ভেতরের ইনোসেন্স। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে নাটকীয় পরিণতির দিকে। মানুষ তো মূলত একা। দুজন নিঃসঙ্গ একাকী মানুষের জীবনের তৃতীয় একজন মানুষের আবির্ভাবের ফলে সৃষ্ট এক তীব্র জটিল নাটকীয়তায় নাটক ‘তৃতীয় একজন’।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হীরা ও রওশন জান্নাত রুশনী। নেপথ্যে কাজ করেছেন আলো- ঠান্ডু রায়হান, মঞ্চ- আলী আহমেদ মুকুল, সংগীত- রামিজ রাজু, পোশাক- নূনা আফরোজ, প্রচ্ছদ- পীযূষ দস্তিদার, কোরিওগ্রাফি- ইস্টের সুমী, সংগীত প্রয়োগ- মুকিত সিকদার, আলোক প্রক্ষেপণ- মো. ইয়াকুব, প্রকাশনা- সরোয়ার আলম সৈকত, প্রয়োজনা সমন্বয়কারী- খোরশেদুর আলম ও কৃতজ্ঞতা- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও প্রাঙ্গণেমোর।
উল্লেখ্য, এবারের উৎসব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উৎসর্গীয় এবং আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক হিসাব লিমিটেড। আজ উৎসব মঞ্চে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে ‘রাজধানীর বাইরে নাট্যচর্চায় সংকট ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার। সন্ধ্যায় নজরুল সংগীতের আসর ও শেষে প্রাঙ্গনেমোর এর নাটক ‘কনডেমড সেল’।
কমেন্ট বক্স