মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বসন্তের শুরুতে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২০ ইং
বসন্তের শুরুতে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
আফজালুল হক: হঠাৎ করেই বসন্তের শুরুতে বৃষ্টি। শীতের আমেজ পুরোপুরি কাটার আগেই বৃষ্টিতে ভিজল চুয়াডাঙ্গাবাসী। গতকাল সোমবার সকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। দুই ঘণ্টা যাবৎ থেমে থেমে চলেছে এ বৃষ্টি। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া যেন শীতের শেষ দাপটের কথা জানান দিয়ে গেল। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির কারণে গতকাল তা কিছুটা ছিল কমের দিকে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বৃষ্টিপাত ৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ মেঘলা। এ কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে, হঠাৎ এ বৃষ্টিপাতে চুয়াডাঙ্গা শহরে যান-চলাচলও তাৎক্ষণিকভাবে কমে যায়। এতে বিপাকে পড়ে ঘরমুখী মানুষ। শহরের পথে হাতেগোনা কয়েকটি রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক দেখা গেলেও বৃষ্টির অজুহাতে খেয়াল-খুশিমতো ভাড়া হাঁকিয়েছেন চালকেরা। হঠাৎ এ বৃষ্টিতে ছাতা মাথায় কেউ কেউ বের হলেও অনেককেই পলিথিন মাথায় পথ চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি আব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী