বাংলা ভাষার চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে
- আপলোড তারিখঃ
২২-০২-২০২০
ইং
মেহেরপুরে ভাষা সৈনিকদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন, নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার চেতনা ছড়িয়ে দিতে হবে। যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুরে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলা ভাষা আমাদের একটি গর্বের বিষয়। আমাদের সন্তানেরা যেন সুন্দর বাংলা বলতে পারে, শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে সেজন্য আমাদের আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, আমাদের নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। কারণ আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ দুটি অর্জন হচ্ছে, ভাষার অধিকার আদায় এবং একটি স্বাধীন ও সার্বভৌম দেশ গড়া। এখন আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্য অর্জন করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
একুশে ফেব্রয়ারি শুক্রবার বিকেলে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা পার্ক-এর মফিজুর রহমান মুক্তমঞ্চে অনুষ্ঠিত ভাষা সৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক। এ সময় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, ননী গোপাল ভট্টাচার্য ও গোলাম কাওসার চানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগেরর উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ।
কমেন্ট বক্স