চুয়াডাঙ্গাবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার
- আপলোড তারিখঃ
১৬-০২-২০২০
ইং
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন:
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর শিক্ষাবৃত্তি প্রদান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে ডুসাকের এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ডুসাকের সভাপতি নাজমুল হোসাইন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় আরও মনোযোগী হতে হবে।’ সাংবাদিক আহমেদ পিপুল তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গাবাসীর উচ্চশিক্ষায় পিছিয়ে থাকার ক্ষেত্রে ঢাকা বিমুখতাকে অন্যতম অন্তরায় হিসেবে উল্লেখ করেন। এ জন্য তিনি ডুসাককে চুয়াডাঙ্গায় শিক্ষা সমাবেশ ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণবিষয়ক বিভিন্ন কার্যক্রম গ্রহণের ওপর জোর দেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও এসবি প্রধান মীর শহিদুল ইসলাম তাঁদের বক্তব্যে সততা ও নৈতিকতার ওপর অবিচল থাকার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান এবং চুয়াডাঙ্গাবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাজি মো. আলী আজগার টগর বলেন, ‘সরকারের বিগত ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেখানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, মাদ্রাস সব জায়গায় নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। সবাই শিক্ষার সুযোগ পাচ্ছে এমনকি যারা লেখাপড়া করার কথা ভাবতেও পারত না, তারাও নামি-দামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসাকের সম্মানিত উপদেষ্টা যুগ্ম সচিব মো. শফিকুর রেজা বিশ্বাস, উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন, রমনা থানার এডিসি ইহসানুল ফিরদাউস, ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার আল আরাফাত, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, ডিএমপি রমনার ডিসি মো. সাজ্জাদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল্লাহ, মালিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মালিক হাফিজুল আলম বাবু, ব্যবসায়ী মো. সোহেল রানা, এডিসি মো. আকতারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডুসাকের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম।
কমেন্ট বক্স