মুজিবর্ষে দেশের সব ঘরে আলো জ্বলবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপলোড তারিখঃ
১৩-০২-২০২০
ইং
ভিডিও কনফারেন্সে আলমডাঙ্গাসহ দেশের ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পসহ ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুজিববর্ষের মধ্যে বাংলাদেশের সব ঘরে ঘরে আলো জ্বালাব। ৬৪ জেলার মধ্যে ৪০ জেলা ও ৪১০ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। বাকি যেগুলো আছে, সেগুলোতে ইনশাল্লাহ ২০২১ সালের মধ্যে আমরা ঘরে আলো জ্বালাব। বর্তমানে দেশের ৯৬ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।’
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিনির্ভর একটা জাতি গড়ে তুলতে চাই। নতুন প্রজন্ম যেন আরও বেশি আগ্রহী হয়, সেদিকে নজর রেখে আমরা কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাস শুরুসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছি।’ অনলাইনে ঘরে বসে অর্থ উপাজর্নের সুযোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলে-মেয়েরা ঘরে বসে অনলাইনে আউটসোর্সিং করে অর্থ উপার্জন করতে পারে। একেবারে গ্রামে বসে। সেই সুযোগটা আমরা সৃষ্টি করেছি। এ সুযোগ আরও সম্প্রসারণ করতে সরকার কাজ করছে।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, উপসচিব মাকসুদা খন্দকার, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ।
এ সময় প্রধানমন্ত্রী রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত ৭ জেলা, ফেনীতে ১১৪ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাসহ ১৮ জেলার ২৩ উপজেলায় বিদ্যুতায়ন প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী রাজশাহী, বাগেরহাট, সুনামগঞ্জ, মেহেরপুর ও গোপালগঞ্জ জেলার সুবিধাভোগী মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।
এ সময় গণভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
কমেন্ট বক্স