জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করাই বিক্ষোভ
- আপলোড তারিখঃ
১০-০২-২০২০
ইং
মেহেরপুর অফিস:
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপিকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা তাঁতী লীগ। গতকাল রোববার বিকেলে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন জেলা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মলিকন ইসলাম টিটন, সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রক্তিম, মুজিবনগর উপজেলা আহবায়ক প্রবির শেখ, যুগ্ম আহবায়ক বীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সজেদুল ইসলাম। এ ছাড়াও তাঁতী লীগ নেতা রবি, তানজিদ, হাবিব, ফারুক, মোমিন, মিঠুন, সবুজ, হ্যাপি, রতন, সোহেল, তাবুল প্রমুখ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে পথসভা করেন তাঁতী লীগের নেতৃবৃন্দ। এ পথসভায় বক্তরা ৫ ফেব্রুয়ারি কমিউনিটি সেন্টারে শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে নিয়ে যারা কটূক্তি করেছেন, তাদের উদ্দেশে করে বলেন, ‘ভুল হয়ে গেলে ক্ষমা করে দিব, কিন্তু বেঈমানের কোনো ক্ষমা নেই। যারা বলে মন্ত্রী তাদের ডাকে না, তারা তো কোরবানির মাংস ভাগ করে নেবে। এই ভাগ দোদুল সাহেবের কাছে হবে না। দোদুল ভাই অন্যায়কে প্রশ্রয় দেয় না। আপনারা যদি অন্যায় করতে চান, তাহলে আমাদের মন্ত্রী দোদুলের কাছে জায়গা হবে না। আপনারা সত্যভাবে আসেন, আমাদের মন্ত্রীর যাতে সুনাম হয়, সেই কাজ করি। ওপরের দিকে থুথু ফেললে নিজের গায়ে পড়ে। আমরা এই প্রথম কোনো মন্ত্রী পেয়েছি, সেই মন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করতে চাই না। তাদের সাবধান করে দিতে চাই, আপনারা যদি এরপর এমন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে মুজিবনগর ও মেহেরপুরের তাঁতী লীগ বসে থাকবে না। অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলার মতো সত্য সাহস আমাদের আছে।’
কমেন্ট বক্স