গা কাপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গাসহ সারা দেশে হিমেল হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক:
আকাশ মেঘলা অথবা আংশিক মেঘলা অবস্থায় গতকালও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে উত্তর-পশ্চিম দিক থেকে গা কাপানো হমেল হাওয়া অব্যাহত রয়েছে। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের বেলায়ও কাঁপছে মানুষ, ঘন কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশ বেশি। যা আজও অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শীতজনিত রোগব্যাধির প্রকোপ বেড়ে যাচ্ছে।
‘শীত নামানো’ মাঘের শেষ প্রান্তের এই অকাল বৃষ্টিপাতের পর তাপমাত্রার পারদ আবারও হ্রাস এবং শীতের প্রকোপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
গতকাল রাত পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
রাতের আবহাওয়া পূর্বাভাসে জান গেছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য খানিকটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে, চুয়াডাঙ্গায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে জরুরি বিভাগ, অন্তবিভাগ ও বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে ২ হাজরের অধিক রোগী। এদের মধ্যে অধিকাংশই শিশু।
কমেন্ট বক্স