পর্দা উঠবে ২১ ফেব্রুয়ারি, থাকছে নানা আয়োজন
- আপলোড তারিখঃ
০১-০২-২০২০
ইং
দর্শনায় শুরু হচ্ছে ‘অনির্বাণ থিয়েটার’-এর তিন যুগ পূর্তি উৎসব
আওয়াল হোসেন/সাজ্জাদ হোসেন:
বাংলা নাটকে ‘অনির্বাণ থিয়েটার’-এর ৩৬ বছর পূর্তিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় শুরু হচ্ছে ‘গাহি সাম্যের গান-/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান’ শীর্ষক ‘হিসাব অনির্বাণ-এর তিন যুগ পূর্তি উৎসব’। স্থানীয় ডাকবাংলো চত্বরে আগামী ২১ ফেব্রুয়ারি এই বর্ণাঢ্য উৎসবের পর্দা উঠবে, চলবে টানা ৮ দিন। প্রদর্শিত হবে দেশ-বিদেশের নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠিত হবে সেমিনার, গুণীজন সম্মাননা, শিশুদের চিত্রাংকন, বর্ণলিখন ও শব্দলিখন প্রতিযোগিতা।
জানা যায়, এবারের উৎসবে চুয়াডাঙ্গার অনির্বাণ থিয়েটার, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, যশোরের বিবর্তন, ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র, প্রাঙ্গনেমোর, সময় সাংস্কৃতিক গোষ্ঠী, কলকাতার অঙ্গন বেলঘরিয়া ও পূর্ব পশ্চিম নাটক নিয়ে অংশগ্রহণ করছে। আর স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি নিয়ে। থাকছে উৎসব স্থলে ‘বঙ্গবন্ধু কর্ণার’।
আয়োজন নিয়ে অনির্বাণ থিয়েটার সাধারণ সম্পাদক নাট্যজন আনোয়ার হোসেন বলেনÑ‘এবারের উৎসবের নাম পরিবর্তিত হলেও, এই উৎসবটি মূলত ২৮ বছরের ধারাবাহিকতার সেই পুরনো উৎসব। অনির্বাণ ৩৬ বছর পূর্ণ করে ৩৭ বছরে পদার্পন করবে, যে কারণে নাম দেওয়া হয়েছে তিন যুগ পূর্তি উৎসব। এবারের উৎসব আমরা উৎসর্গ করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে’।
আয়োজনের পৃষ্টপোষক হিসাব লিমিটেডের কর্ণধর জুবায়ের আহমেদ জানান-‘শিল্প সাধনায় অনির্বাণ মফস্ফলের নাটকের দল হলেও, কর্ম-দক্ষতায় আজ তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাটকের প্রতিনিধিত্ব করছে। দলটি এখন বাংলা নাটকের ভূবনে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। অনির্বাণ কর্মীরা সমসময় নতুনে-সৃজনে বিশ্বাসী। সে হিসাবে এবারের উৎসব আরও বর্ণিল, শৈল্পিক এবং উপভোগ্য হবে। আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে সম্মানিতবোধ করছি’।
কমেন্ট বক্স