পরিকল্পনা করে সেই মাফিক কাজ করতে হবে
- আপলোড তারিখঃ
৩০-০১-২০২০
ইং
ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলাপর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা দেড়টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, স্বপ্ন দেখা শিখতে হবে। আমরা যখন ঢাকা যায়, তখন মনে মনে ভাবি ট্রেনে কিংবা বাসে চড়ে যাবো। তারপর সেখানে যে কাজ আছে সেটা কিভাবে করবো সেটাও ভাবি। যদি আরও ছোট উদাহরণ দিই, তবে বলতে পারি স্কুলে যাওয়ার কথা ভেবেই বাসা থেকে তোমরা বের হও। কোন রাস্তা দিয়ে হেঁটে বা কিভাবে যাবা, সেটাও ভেবে ফেলো বাসা থেকে বের হওয়ার আগেই। ঠিক একইভাবে ভবিষ্যতের জন্য বড় বড় স্বপ্ন দেখতে হবে। মনে রাখতে হবে, ঢাকা কিংবা স্কুলে যাওয়ার মত করে, সেই স্বপ্ন দেখে মনে মনে সেখানে যেতে হবে, সেখানে যাওয়ার পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। ভাবতে যেমন হবে, সেই মত বসে না থেকে পড়তে ও কাজ করতে হবে। অনেক বড় বড় স্বপ্ন দেখতে শেখো। মানুষের মত মানুষ হতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন পযঅয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স