মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুটি ইটভাটা বন্ধের নির্দেশ, একটি ভাটায় জরিমানা

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২০ ইং
দুটি ইটভাটা বন্ধের নির্দেশ, একটি ভাটায় জরিমানা
জীবননগরের দেহাটিতে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া প্রধান সড়কের মাঝামাঝি দেহাটিতে অবস্থিত মেসার্স এআর ব্রিকস, শাহ্ ব্রিকস ও নিউ ব্রিকস নামের তিনটি ইটভাটায় অবৈধভাবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং অপরাধের পরিপ্রেক্ষিতে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর দুইটি ইটভাটাকে ইট উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহমেদ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে ইট উৎপাদন, পোড়ানো, মাটির যথেচ্ছা ব্যবহার, কৃষি জমিতে ইটভাটা স্থাপন, ভাটায় টিনের তৈরি চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানো অপরাধে নিউ ব্রিকসের মালিক মাসুদুজ্জামান ওরফে মিনুকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের এসআই ইউছুপ আলীসহ পুলিশ সদস্যরা এবং জীবননগর উপজেলা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মোশারেফ হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা। অপর দিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ উপেক্ষা করে ইটভাটা পরিচালনার দায়ে গতকাল মেসার্স এআর ব্রিকস ও মেসার্স শাহ্ ব্রিকস নামের দুইটি ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ইটভাটা দুটির টিনের চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ভেকু মেশিন দিয়ে ইটভাটার দেয়াল, কাঁচা ইট ও পুড়ানো বেশ কিছু ইট ভেঙে নষ্ট করা হয়। জেলা পুলিশের সদস্য ও উপজেলা ফায়ার সার্ভিসের একটি গাড়িসহ একদল চৌকস কর্মী এ সময় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেন। এ ছাড়া দুইটি ইটভাটার মালিককেই ইট উৎপাদন বন্ধ রাখতে পুনরায় নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করেন দুই ইটভাটার মালিক আরিফুল ইসলাম বিশ্বাস ওরফে আরিফ ও এসএম শামীম শাহ। উল্লেখ্য, এক সপ্তাহ আগে ভ্রাম্যমাণ আদালত এ দুই ইটভাটায় অভিযান চালিয়ে পৃথকভাবে নগদ ৩০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী