প্রবীণদের অবহেলা করা যাবে না, তাঁরা আমাদের অভিভাবক
- আপলোড তারিখঃ
৩১-১২-২০১৯
ইং
জীবননগর সীমান্ত ইউনিয়নে প্রবীণদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগরে প্রবীণদের মধ্যে শীতবস্ত্র, লাঠি, বয়স্ক ভাতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে প্রবীণদের মধ্যে শীতবস্ত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে শাখারিয়া প্রবীণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের মধ্যে শীতবস্ত্র, লাঠি, বয়স্ক ভাতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথি বলেন, ‘প্রবীণদের কখনো অবহেলা করা যাবে না, তাঁরা আমাদের অভিভাবক, তাঁদের সব সময় সম্মান দিয়ে কথা বলতে হবে। আজকে যারা নবীন আছ, আগামীতে তোমরাও এক দিন প্রবীণ হবে। সে বিষয়গুলো মাথায় নিয়ে চলতে হবে। সময় কারও জন্য অপেক্ষা করে না।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লা, সম্পাদক আ. শুকুর প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক।
কমেন্ট বক্স