পুলিশ জনগণের শক্র নয়, বরং বন্ধু
- আপলোড তারিখঃ
২৭-১২-২০১৯
ইং
দর্শনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সিনিয়র এএসপি আবু রাসেল
দর্শনা অফিস:
‘পুলিশই জনগণ, জনগণই পুলিশ’ এই স্লোগানে দর্শনায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা ডাকবাংলা চত্বরের অডিটরিয়ম কাম কমিউনিটি সেন্টারে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানা পুলিশের আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আবু রাসেল। এ সময় তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ও বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে। পুলিশের সেবা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতেই এ ওপেন হাউজ ডের আয়োজন। তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের শক্র নয়, বরং বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। সমাজের সর্বস্তরের শান্তি বজায় রাখতে ও সামাজিক পরিবেশকে সুন্দর করতে সবার আন্তরিক হওয়া প্রয়োজন। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদসহ বিভিন্ন অপকর্ম বন্ধ হয়ে যাবে।’ এ ছাড়া ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভ টিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক সচেতনতা ও মাদক নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয় । সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে যেকোনো সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহ্বানও জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) কে এম জাহাঙ্গীর আলম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের নেতা আবু ফয়সাল, জয়নাল আবেদীন নফর, সোলাইমান, আ. হান্নান, লিপন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ওসি শেখ মাহবুবুর রহমান।
কমেন্ট বক্স