১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ হলেন এসপি জাহিদ
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি ক্যাটাগরিতে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার খুলনা রেঞ্জ অফিসে নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলামসহ খুলনা রেঞ্জের ১০টি জেলার সব পুলিশ সুপারগণ। এ ছাড়াও মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে এসপি জাহিদুল ইসলাম প্রশংসিত হয়েছেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ সফলতা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সব সদস্যের। তাঁদের ঐকান্তিক চেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। এই সফলতা যেন পরবর্তীতেও অব্যহত থাকে, সে জন্য জেলা পুলিশের সব সদস্যের আন্তরিকতা কামনা করেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা জেলার সব শ্রেণি-পেশার দোয়া ও সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক নভেম্বর-১৯ মাসে ১৭৭টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে নতুন পুরাতন মিলে নিষ্পত্তি হয়েছে ১৯৫টি। ওয়ারেন্ট রিসিভ হয়েছে ৩২০টি এবং তামিল হয়েছে ৪৭৫টি। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল ১ হাজার ৪৮০ বোতল ও তরল ফেনসিডিল ১ লিটার, গাঁজা ১৪ কেজি ৭ শ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৫৩২ পিস, প্যাথেডিন ইনজেকশন ৪৩ পিস ও চোলাই মদ ১৫৬ লিটার। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭২ হাজার ৮ শ টাকা।
কমেন্ট বক্স