মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনভর কর্মবিরতি; সন্ধ্যা থেকে স্বাভাবিক যান চলাচল

  • আপলোড তারিখঃ ২২-১১-২০১৯ ইং
দিনভর কর্মবিরতি; সন্ধ্যা থেকে স্বাভাবিক যান চলাচল
টানা চার দিন যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের পর অবশেষে ধর্মঘট প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতাদের বৈঠকের সিদ্ধান্তের কথা জানতেন না শ্রমিকেরা! বিশেষ প্রতিবেদক: টানা চার দিন যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ শেষে অবশেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিকেরা। গত বুধবার দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও কর্মবিরতিতে থেকে ধর্মঘটে অনড় ছিলেন চুয়াডাঙ্গার শ্রমিকেরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও আন্তজেলা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল। সারা দিন বিভিন্ন এলাকা থেকে আসা পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানসহ সব প্রকার যানবাহনের গতিরোধ করে চুয়াডাঙ্গার আন্তজেলা বাস টার্মিনালে আটকে রাখা হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয় অনেকটাই। সন্ধ্যা সাড়ে সাতটায় বরিশালের উদ্দেশে চুয়াডাঙ্গা থেকে রয়েল এক্সপ্রেসের একটি কোচ ছেড়ে যায়। এরপর পর্যায়ক্রমে ঢাকাসহ বিভিন্ন রুটে তাদের সব কোচ চলাচল শুরু করে। রাত ৮টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে পূর্বাশা পরিবহনের একটি কোচ। রাত সাড়ে ৯টা ও ১১টায় আরও দুটি কোচ চালু করে পূর্বাশা কর্তৃপক্ষ। রাত ১০টায় ৪০ জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি কোচ যাত্রা করে ঢাকার উদ্দেশ্যে। কাউন্টার মাস্টার ইলিয়াস হোসেন জানান, শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার ঘোষণার পর আপাতত এই একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়া হলো। যদি কোনো সমস্যা না হয়, তাহলে তাঁদের যাত্রীসেবা স্বাভাবিক হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল থেকে দূরপাল্লার এসব পরিবহনগুলো আবারও নিয়মিত যাতায়াত করবে বলে জানিয়েছে মালিক পক্ষ। এদিকে, গতকাল বিকেল সাড়ে তিনটায় কর্মবিরতি রেখে যানবাহন থামিয়ে আটকে রাখার দৃশ্য চোখে পড়ে চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে। সেখানকার শ্রমিকেরা বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন টার্মিনালে আটকে রাখেন। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আন্তজেলা বাস টার্মিনাল শাখার সভাপতি গোলাম কাওছার বলেন, ‘আমাদের নেতারা ঢাকায় অবস্থান করছেন, তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আলাপ আলোচনা হচ্ছে। তাঁরা এখনো আমাদের কিছু জানাইনি। তাই আমরা কর্মবিরতি রেখেছি।’ পরে অবরোধ প্রত্যাহার প্রসঙ্গে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা তাঁদের দাবির প্রতি অবিচল। কিন্তু মন্ত্রীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের কারণে আপাতত সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দাবি না মানলে প্রয়োজনে আবারও অবরোধ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী