স্বাস্থ্যসেবার মান বাড়াতে ২২ লাখ টাকার প্রকল্প গ্রহণ
- আপলোড তারিখঃ
২০-১১-২০১৯
ইং
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজি আলী আজগার টগর।
সভায় এমপি টগর বলেন, দামড়হুদা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান বাড়াতে ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে ২২ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ ডায়াগনস্টিক পরীক্ষার যন্ত্রপাতি এবং ২৮টি কমিউনিটি ক্লিনিক নেবুলাইজার মেশিন ও রোগীদের বসার জন্য সেড তৈরি করা হবে। মালামাল এসে গেলে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা করানো সম্ভব হবে। এতে করে সেবার মান বৃদ্ধি পাবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে স্বাস্থ্যসেবার মান বাড়াতে উপজেলা পরিষদ থেকে ২২ লাখ টাকার প্রকল্প দেওয়া হয়েছে। যা থেকে পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি কেনা হবে। এ ছাড়াও সেবার মান বাড়াতে যা করার সব কিছুই করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, উপজেলা প্রশাসনের দেওয়া প্রকল্পের মালামাল আগামী বছরের জানুয়ারী মাসের মধ্যেই হাতে পাওয়া যাবে। এসব মালামাল হাতে পাওয়া গেলে হাসপাতালে সেবার মান আমুল পরিবর্তন হবে, রোগীরাও হাসপাতালের প্রতি আস্থা ফিরে পাবে।
এর আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন হাসপাতালের সব বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের সব কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসার মান বাড়াতে সব ধরনের সহোযোগিতা করারা আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মকবুল হাসান, লাইলা শামিয়া শারমিন, স্যানেটারি ইন্সেপেক্টর জামাত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ হাসপাতালের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
কমেন্ট বক্স