মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৯ ইং
উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। দাপ্তরিক কর্মচিত্র তুলে ধরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ বলেন, মাথাভাঙ্গা সেতু নির্মাণ করতে ১৪টি গাছ কাটতে হবে। বন বিভাগের মাধ্যমে গাছগুলো কাটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের নানা সমস্যা নিয়ে কথা বলেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি বর্তমানে ১০০ শয্যা নিয়ে তিন-চারগুণ বেশি রোগীদের সেবা দিচ্ছে। তার সঙ্গে রয়েছে জনবল-সংকট। তাই চাইলেও নবনির্মিত ১৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু করা যাচ্ছে না। পরিচ্ছন্নতাকর্মী, আয়া ও ওয়ার্ডবয় মিলিয়ে ৩০ জনকে নিয়োগ করা হলে নতুন হাসপাতালের কার্যক্রম চালু করা যাবে। আপাতত কয়েকটি বিভাগ নতুন ভবনে স্থানান্তরিত করা হলে রোগীদের মাত্রাতিরিক্ত চাপ অনেকাংশেই কমে আসবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার বলেন, ‘বিগত মাসে জেলার সব আলোচিত মামলার তদন্তে সফলতা দেখিয়েছে পুলিশ প্রশাসন। এ ছাড়া জীবননগর উপজেলা চেয়ারম্যানের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনার তদন্তের খুব কাছাকাছি পৌঁছেছি।’ চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (জিকেআরআইডিপি) শীর্ষক প্রকল্পের অধীনে ৪৪ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়কসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। শিগগিরই ২০ কোটি টাকার আরও একটি উন্নয়নকাজের বরাদ্দ পাওয়া যাবে। সড়ক ও জনপথ বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী শওকত মজুমদার বলেন, মাথাভাঙ্গা সেতু নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত জায়গায় কিছু ছোটখাটো স্থাপনা রয়েছে। যা অপসারণ করা হলে পুরোদমে কাজ শুরু করা যাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, ‘জেলার সব নদী ও খাল পুনঃখননের কাজ হাতে নিয়েছি। সম্প্রতি নবগঙ্গাসহ ১ম পর্যায়ে চারটি শাখানদীর পুনঃখননকাজ শুরু করা হয়েছে। ২য় পর্যায়ে সব কটির কাজ শুরু হবে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান তাঁর বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ভেজাল সার ও কীটনাশক ব্যবহার না করতে চাষিদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। জেলা বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শিগগিরই চুয়াডাঙ্গাতে পূর্ণাঙ্গ বিসিক জোন গড়ে তোলার কাজ শুরু করা হবে। অধিগ্রহণ করা ২৫ একর জমি ভরাটের জন্য পর্যাপ্ত মাটি না পাওয়ায় কাজ বন্ধ ছিল। এখন নবগঙ্গা নদী খনন করা হচ্ছে। সেখান থেকে মাটি নিয়ে জমি ভরাট করা হবে। এ অর্থবছরেই বিসিক দৃশ্যমান হবে। জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, প্রাথমিকের ন্যায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও মিড ডে মিল চালু করা হবে। মুজিব বর্ষ উপলক্ষে এটি মাউশির একটি বিশেষ উদ্যোগ। এ ছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের সমস্যা ও নতুন নতুন উন্নয়ন-ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘নিজ নিজ জায়গা থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে কোনো অনিয়ন ও দুর্নীতি থাকবে না। জেলার সার্বিক উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ সব উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী