২৪ ঘণ্টায় ৩২ শিশু হাসপাতালে ভর্তি!
- আপলোড তারিখঃ
০২-০৯-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় কমছে না নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কমছে না নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ৩০ থেকে ৪০ শিশু। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩২ শিশু। এ ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডের ১৫ শয্যা ছাড়িয়ে ওয়ার্ডের মেঝে, বারান্দা, গাইনি ওয়ার্ডের বারান্দা, এমনকি শিশু ওয়ার্ডের সিড়ির সামনেও স্থান নিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও তাঁর স্বজনেরা। গতকাল রোববার পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিল ৯৩ শিশু।
জানা যায়, গত ২০ আগস্ট থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হঠাৎ করেই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এর মধ্যে ২৪ আগস্ট একই দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সর্বোচ্চ ৪০ শিশু ভর্তি হয়। এ ছাড়াও একই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বহির্বিভাগে প্রায় দেড় শ শিশু চিকিৎসা গ্রহণ করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন জানান, হাসপাতালে হঠাৎ করেই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণেই এমন হচ্ছে। হঠাৎ করেই প্রচ- গরম পড়ছে, আবার হঠাৎ করেই বৃষ্টি হয়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং শিশুদের শরীরের ঘাম শরীরেই শুকাচ্ছে। এসব কারণেই শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। শিশুদের প্রতি এখন সবার বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। শিশুরা অসুস্থ হয়ে পড়লে কোনো প্রকার অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।
কমেন্ট বক্স