এসিল্যান্ডের অভিযান, দুটি ট্রাক্টর জব্দ
- আপলোড তারিখঃ
২১-০৮-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় সরকারি শিশুপার্কের জমি দখলের অভিযোগ
সোহেল রানা:
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা সেতুর পাদদেশে সরকারি (প্রস্তাবিত) শিশুপার্কের জমি দখল করে বালি ফেলে ভরাটের অভিযোগে দুটি ট্রাক্টর জব্দ করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। গত সোমবার বিকেলে ওই স্থানে বালি ফেলে ভরাট করে স্থায়ী বাজার বসানো হবে বলে অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে বালি ফেলার কাজে নিয়োজিত ট্রলিসহ দুটি ট্রাক্টর জব্দ করে তিনি সদর থানা হেফাজতে পাঠান।
এ প্রসঙ্গে জানতে চাইলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, অনুমতি ছাড়াই অবৈধভাবে পার্ক শ্রেণির সরকারি জমিতে বালি ভরাট করে তা দখলে নিতে পারে না কেউ। এখানে ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি সরকারি জমিও আছে, যেখানে একটি শিশুপার্ক নির্মাণের প্রস্তাবনা রয়েছে। ওই একই স্থানে ইতিপূর্বেও পৌর শিশুপার্ক ছিল। যা পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে অবৈধ দখলদারদের দখলে চলে যায়।
এ বিষয়ে বালি ভরাটকারী বড় বাজারের ফল ব্যবসায়ীরা জানান, মাথাভাঙ্গা সেতু পুনর্নির্মাণের জন্য ঈদের পরই কাজ শুরু হওয়ার কথা। সে অনুযায়ী ঈদুল আজহার পর থেকেই এই সেতুর পার্শ্ববর্তী ফলের দোকানসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট বিভাগ। এ অবস্থায় তাঁরা ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখতে মাথাভাঙ্গা সেতুর পাদদেশে প্রস্তাবিত শিশুপার্কের পাশে একটি খালি জায়গা (২৬ শতক) বেছে নেন। জায়গাটি সাবেক পৌর চেয়ারম্যান মৃত একরামুল হক জোয়ার্দ্দার শান্তি মিয়ার বড় ছেলে মাসুদ মিয়ার বলে দাবি করে ব্যবসায়ীরা বলেন, ‘আমরা মাসুদ মিয়ার কাছ থেকে অনুমতি নিয়েই ওই স্থানে বালি ভরাট করেছিলাম। এর একপর্যায়ে আমাদের কার্যক্রম বন্ধ করে দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সেই সঙ্গে আমাদের কাজে নিয়োজিত দুটি ট্রলিসহ ট্রাক্টর জব্দ করে থানায় আটকে রাখেন তিনি। এ ছাড়াও তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বালি ভরাট কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন।’
থানায় আটককৃত ট্রলিসহ ট্রাক্টর দুটির ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ ট্রাক্টর দুটি আটক করে সদর থানা হেফাজতে পাঠান। তবে এ ব্যাপারে আমার বেশি কিছু জানা নেই। বিষয়টি নিয়ে কোনো সমাধান না হওয়ায় ট্রাক্টর দুটি এখনো আটক রয়েছে।’
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানান ব্যবসায়ীরা। তবে বিষয়টি নিয়ে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কমেন্ট বক্স