সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনগণ কেবল উপকারভোগী নয়, তারা দেশের অংশীদার

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০১৯ ইং
জনগণ কেবল উপকারভোগী নয়, তারা দেশের অংশীদার
চুয়াডাঙ্গায় এসডিজি অর্জনে আমাদের করণীয় শীর্ষক সেমিনারে অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজিবিষয়ক) মোকাম্মেল হোসেন বলেছেন, কাউকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের পিছিয়ে পড়া মানুষ তথা প্রবীণ, প্রতিবন্ধী, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের জীবনকে আরও উন্নত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ করতে হবে। কারণ জনগণ এখন আর কেবল উপকারভোগী নয়, তারা দেশের অংশীদার। যেকোনো কাজে তাদের সম্পৃক্ত করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মোকাম্মেল হোসেন বলেন, ‘এসডিজিতে বাইরের অর্থায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমাদের নিজস্ব অর্থায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। বাংলাদেশ এমডিজিতে (মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা) সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এসডিজিতেও সাফল্য অর্জন করবে। এখন থেকে ৮১ বছর আগে যে দেশ স্বপ্ন দেখতে পারে, সে দেশ থেমে থাকতে পারে না।’ এসডিজি বাস্তবায়নে জনসম্পৃক্ততার ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘কাউকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যেতে হবে। এসডিজিতে ১৭টি লক্ষ্য, ১৬৯টি টার্গেট রয়েছে। এ ছাড়াও সব কিছু বিস্তারিত বলা আছে। এর ওপর ভিত্তি করে আমাদের এগিয়ে যেতে হবে। এটি বাস্তবায়নে সবার তথা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সংশ্লিষ্টতা থাকতে হবে।’ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সবুক্তগীন, সাংবাদিক শাহ আলম সনি, আরিফুল ইসলাম ডালিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। শুরুতে সেমিনারের বিষয়বস্তু তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন। এদিকে, সেমিনার শেষে বেলা দেড়টায় চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামে ‘গ্রাম হবে শহর, ভিলেজ-২০৪১’ প্রকল্পের আওতায় পানির ট্যাঙ্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন। একই সঙ্গে তিনি দোয়ারপাড়া গ্রামের বিল-জলাশয়ের মধ্যে নির্মিত বেলা শেষে নামক একটি গোলঘর উদ্বোধন করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ইউপি সচিব ফয়জুর রহমানসহ দোয়ারপাড়া গ্রামবাসী। পরে অতিরিক্ত সচিব দোয়ারপাড়ার কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও স্থানীয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী