‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বাঁচিয়ে রাখতে হবে’
- আপলোড তারিখঃ
০১-০৮-২০১৯
ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৃথকভাবে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় মেলা প্রাঙ্গণ চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সুফি রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ্ ইয়া খান বলেন, ‘যত দিন এ পৃথিবীতে পানি, গাছ, বায়ু থাকবে, তত দিন আমরা এ পৃথিবীতে বেঁচে থাকতে পারব। তাই বাঁচতে হলে গাছ লাগাতে হবে। গাছ মানুষের পরম বন্ধু। জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত গাছ আমাদের সেবা দিয়ে থাকে। এ উপকারী বন্ধুকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, বৃক্ষ লাগাতে হবে, বৃক্ষকে বাড়তে দিতে হবে। তাহলে এর সেবা আমরাই পাব।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের সম্প্রসারণ কর্মকর্তা আফরিন বিনতে আজিজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশার ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়া অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা এস এম শোয়াইব খান। অনুষ্ঠানে বৃক্ষ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন হেলাল উদ্দীন জোয়ার্দ্দার। সপ্তাহব্যাপী এ মেলায় ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নার্সারি ক্যাটাগরিতে পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে শোভা নার্সারি, মৌসুমি নার্সারি ও মল্লিক নার্সারি। অফিস ক্যাটাগরিতে পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৩য় হয় কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ চুয়াডাঙ্গা।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ফলদ বৃক্ষমেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা কৃষি অফিসের চত্বরে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও উপজেল আওয়ামী লীগের সহসভাপতি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কৃষি উদ্যোক্তা মাসরুম চাষি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণ করায় ১০টি স্টলের মালিককে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বৃক্ষমেলায় কৃষকদের মধ্যে থেকে মেলায় ফল সরবরাহ করে জনগণকে উৎসাহিত করায় ‘ক’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘খ’ ক্যাটাগরিতে ১৫ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ১৭ জনকে পুরস্কৃত করা হয়।
কমেন্ট বক্স