সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরতালে চুয়াডাঙ্গার রাজপথে ছিল প্রাণচাঞ্চল্যতা

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০১৯ ইং
হরতালে চুয়াডাঙ্গার রাজপথে ছিল প্রাণচাঞ্চল্যতা
বিশেষ প্রতিবেদক: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রোববার বামপন্থী দলগুলোর সমন্বয়ে আধা বেলার হরতাল শেষ হয়েছে। তবে এ হরতালের একেবারেই প্রাণ ছিল না। সে সঙ্গে হরতালে নমনীয় অবস্থানে ছিল সরকারি দল আওয়ামী লীগ। হরতালকে বিএনপি সমর্থন জানালেও তা কোনো কাজে আসেনি। সরকারও এটি আমলে নেয়নি। এমনকি আওয়ামী লীগ থেকে এবারের হরতালে তৃণমূলে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। দলটির নেতারা মনে করছেন, বামদলগুলোর ডাকে জনগণ সাড়া দেবে না। আর বিএনপি তাতে সমর্থন জানালেও কারো কিছু আসে-যায় না। এ ছাড়া হরতালের সংস্কৃতি এখন হারিয়ে গেছে বলে মনে করেন তাঁরা। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বামদলগুলো যে ইস্যু নিয়ে হরতাল ডেকেছে, বর্তমান সময়ে এটি অনুপযোগী হয়ে পড়েছে। এখন দেশের মানুষ শান্তি চায়। মাঠে ময়দানে মারামারি-হানাহানি একদমই চায় না। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে কিছু যৌক্তিকতা আছে, বাস্তবতাও আছে। এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল উপেক্ষা করেই চুয়াডাঙ্গা শহরে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে চুয়াডাঙ্গা বড়বাজার, দর্শনা, কার্পাসডাঙ্গা, আন্তজেলা বাস টার্মিনালসহ সব কাউন্টার ও ডিপো থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে দূরপাল্লার গাড়িগুলোও। রেলপথেও স্বাভাবিক চলাচল ও যাত্রীদের ভিড় চোখে পড়েছে। এ ছাড়াও সব সরকারি-বেসরকারি অফিস-আদালত, কোর্ট-কাচারি, ব্যাংক-বীমা অফিস, স্কুল-কলেজ-মাদ্রাসা, মার্কেট ও বিপণিবিতানগুলো সম্পূর্ণ চালু ছিল। যথারীতি ছিল প্রাণচাঞ্চল্যতা। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কোনো অংশে কম নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন ও মানুষের সংখ্যাও বাড়তে শুরু করে। তবে অন্যান্য হরতাল-অবরোধ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের যে উপস্থিতি চোখে পড়ে, তা বাম দলের হরতালে একেবারেই ছিল না। প্রাণহীন হরতাল কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় বাম দল বলতে আমরাই রয়েছি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি ঢাকাতে আছি। আর এ কারণে জেলার অন্য নেতারা কোনো কর্মসূচি পালন করেননি। পরবর্তীতে আবারও ঘোষণা এলে কর্মসূচি পালন করব।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী