মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত : চুয়াডাঙ্গায় সিভিল সার্জন ডা. খায়রুল আলম
সমীকরণ প্রতিবেদন:
`সবার জন্য স্বাস্থ্য, গর্জনে সোচ্চার` এই স্লোগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল রোববার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
`সবার জন্য স্বাস্থ্য, গর্জনে সোচ্চার` এই স্লোগানে চুয়াডাঙ্গায় উৎসবমূখর পরিবেশে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল রোববার সকালে সদর হাসপাতাল নার্র্সিং ইনস্টিটিউটে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, ডা. বেলাল হোসেন, নার্সিং সুপারভাইজার ফেরদৌস আরা গিনি, ফেরদৌস আরা খাতুন রোকেয়া ও নার্সিং ইন্সট্রাক্টর মর্জিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হলসুপার শামীমা খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, চিকিৎসক, নার্স ও রোগীর মধ্যে আত্মিক সম্পর্ক রয়েছে। এই তিন সম্পর্কের মধ্যে কোন ব্যত্যয় ঘটে তাহলে চিকিৎসা ফলপ্রসু হবে না। সে কারণে নার্সদের রোগীর সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং আচরণ ভালো করতে হবে।
তিনি আরও বলেন, ‘রোগীরা অনেক কষ্ট নিয়ে হাসপাতালে আসেন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করলে রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায়। হাসিমুখে কথা বললে রোগীর কষ্ট অনেকটাই দূর হয়ে যায়। তাই মনের ভেতর যতই কষ্ট থাক হাসিমুখে কথা বলে ভালো ব্যবহারের মাধ্যমে রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে হবে।’
মেহেরপুর:

মেহেরপুরে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে `সবার জন্য স্বাস্থ্য` বিষয়ক র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিএনএ, স্বানাপ ও নার্সদের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। আরএমও ডা. এহসানুল কবীরের নেতৃত্বে র্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে ওয়াপদা সড়ক প্রদক্ষিণ শেষে জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মেহেরপুর জেরারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার তাহাজেল হোসেনের সভাপতিত্বে `সবার জন্য স্বাস্থ্য` বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. এহসানুল কবীর, উপ-তত্ত্বাবধায়ক (সেবা) নাজমা খাতুন, জেলা পাবলিক হেলথ এর নুর নাহার, ইম্প্যাক্ট এর অধ্যক্ষ ফ্লোরা নন্দিতা চেীধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নার্স সুপারভাইজার পাপিয়া খাতুন, সাইদা মরিয়ম, কুলসুম আরা, শুশিলা মন্ডল, শিরিন আক্তার, হেমা, আছিয়া প্রমুখ। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।