সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০১৯ ইং
সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা
মেহেরপুর ও ঝিনাইদহে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রস্তুতি সভা : চুয়াডাঙ্গায় সতর্কতা জারি চুয়াডাঙ্গা: ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত হানার আশঙ্কায় চুয়াডাঙ্গায় সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিলসহ সব স্কুল-কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে জরুরি সভায় এ সতর্কতা জারিসহ এসব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। তিনি বলেন, এখন থেকেই সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জেলার চারটি উপজেলার সব স্কুল-কলেজকে শেল্টারহোম ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে অবস্থিত এনজিও ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। উদ্ধার কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ীও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ও শুকনা খাবার, মুড়ি, মুড়কি, চিড়া মজুদ রাখার জন্য স্বস্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জেলে প্রশাসক। এদিকে, দুর্যোগের কবলে পড়লে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিজ এলাকার চেয়ারম্যান, মেম্বরসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সাথে জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসনসহ জেলার চারটি উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়াও দুর্যোগ পূর্ববর্তী সচেতনতা ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রায় ৪ শতাধিক রোভার স্কাউটস’র সদস্য প্রস্তুত রয়েছে। চার উপজেলায় সভায়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, ওজোপাডিকো, জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, এনজিও প্রতিনিধিসহ সরকারি অফিসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা: `` আলমডাঙ্গায় ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় আওয়ামী লীগের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে এ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নবনর্বাচিত উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খাঁন, সদস্য দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, লিয়াকত আলী লিপু মোল্লা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নবনির্বাচিত উপজেরা ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, আবু সাইদ পিন্টু, বিআরডিপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন প্রমুখ। সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আয়ুব হেসেন বক্তব্য রাখেন। এদিকে, ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সকলকে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে সকাল সাড়ে ১০টার দিকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আবু তাহের আবু, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, জেলা কৃষক লীগ নেতা দিপক বিশ্বাস, ড্রাগ সমিতির সভাপতি আকুব্বর আলী, সম্পাদক ইমারত আলী, হাজী রফিক মিয়া, পৌর কাউন্সিলর জহুরুল হক স্বপন, জাহিদুল ইসলাম, মামুনর রশিদ, আব্দুল গাফ্ফার, আলাল উদ্দিন, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, নুরজাহান, হাফেজ ওমর ফারুক প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, ঘূর্ণিঝড় ‘ফণি’র আশঙ্কা থাকায় উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকল ইউনিয়ন চেয়ারম্যানকে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার জন্য বলা হলো। সকল মসজিদের ইমামকে ঘূর্ণিঝড়ের বিষয়ে মাইকিং করতে বলা হলো। উপজেলার সকল অফিসারকে ঘূর্ণিঝড় মোকাবেলায় কর্মস্থলে অবস্থান করতে বলা হলো। সবাইকে সাবধান থাকার জন্য এবং নিকটস্থ সবাইকে পূর্বপ্রস্তুতি নেওয়ায় জন্য অনুরোধ করা হল। এদিকে, গতকাল বিকেল থেকে পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। জীবননগর: জীবননগরে ঘূর্ণিঝড় ফণী’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পূর্ব সতর্ককতা গ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। সভায় প্রধান অতিথি আগামীকাল শুক্রবার (আজ) জুম্মার নামাজের সময় উপজেলার সকল মসজিদে মুসল্লীদের ঘূর্ণিঝড় সম্পর্কে অবগত করার জন্য ইমামদেরেক আহ্বান জানান ও মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠানের জন্য অনুরোধ জানান। তিনি আরো জানান, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিটি চায়ের দোকানসহ বিভিন্ন দোকানে টিভি রয়েছে, যেখানে টিভি সিরিয়াল না দেখে সংবাদ বুলেটিন দেখার জন্য অনুরোধ জানান, তাহলে কিছুটা হলেও সাধারণ মানুষ সতর্ক হতে পারবে। এছাড়াও জনসচেতনামূলক প্রচার মাইকের ব্যবস্থা করার জন্য জানান। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ. সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম মিল্টন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, জীবননগর থানা অফিসার ইনচার্জ শেখ গণি। এ সময় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সূধী, সাংবাদিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আসন্ন ঘূর্ণিঝড় ফণী’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে যাদের দূর্বল বসত বাড়ি তাদেরকে পার্শ্ববর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়া, ঝড়ের সময় টিনের নিচে ও দূর্বল গাছ থেকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ঝড়ের সময় ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সজাগ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে খোলা কন্ট্রোল রুমে সার্বিক যোগাযোগ করার আহ্বান জানানো হয়। মেহেরপুর: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ফণী’ সম্পর্কে সচেতন ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফণী’ মোকাবিলায় করণীয় সম্পর্কে মেহেরপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীমা আরা নাজনিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লাল মিয়া, গাংন পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন, সাংবাদিক তুহিন আরণ্য, রফিকুল আলম প্রমুখ। কোটচাঁদপুর, (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘূর্ণিঝড় ‘ফণি’র আশঙ্কায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ‘ফণি’র আক্রমণ থেকে রক্ষা পেতে ও সবাইকে সাবধানে চলাচল করতে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সর্তকীকরণ বার্তা দিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। মানুষের মাঝে উৎকন্ঠা কি অবস্থার সৃষ্ঠি হবে ঘূর্ণিঝড় ‘ফণি’র আঘাতে। এরই মধ্যে উপজেলা প্রশাসন থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে মাইকিং করে সবাই কে সর্তক অবস্থানে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নেওয়া সামুদ্রিক ঝড় ‘ফণি’ ঘূর্ণিঝড়টির গতিপথ দেখে আবহাওয়াবিদরা ধারণা করছেন আগামীকাল শুক্রবার (আজ) বিকাল নাগাদ এটি উপকূলে আঘাত হানবে। এসময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ১৭৫-১৮৫ কিলোমিটার। যা সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড় ‘ফণি’ শক্তিশালী আকার ধারণ করায় যেকোন ভাবেই হোক বাংলাদেশে প্রবেশ করবে। মূলত খুলনা অঞ্চল দিয়েই এই ঝড় আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই জন্য খুলনা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুশিয়ারি সংকেত থেকে ৭ নম্বর বিপদ সংকেত জানানো হয়েছে। ঘূর্ণিঝড় পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট ‘উইন্ডি ডটকম’ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র আভাস দিচ্ছে প্রবল গতিতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণি’। বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় `ফণি` শুক্রবার ভারতের বাহরামপুর-ভুবনেশ্বর উপকূলে আঘাত হানার পর শনিবার বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করবে। মূলত চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের কোটচাঁদপুর থাকবে ফণি’র কেন্দ্র এমন সংবাদ প্রচার হলে এই এলাকার মানুষের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা লক্ষ করা যায়। ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রস্তুতির বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এই প্রতিবেদককে জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের কে জানানো হয়েছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে ‘ফণি’ আঘাত হানতে পারে এমন কোন পূর্বাভাস তাদের কাছে নেই। এটা উপকূলের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করবে। তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেই সাথে উপজেলার প্রতিটিা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং জনপ্রতিনিধি ও উপজেলা স্কাউট, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ সংশ্লিষ্ট সকলকে সর্তক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে কোন বিষয়ে কন্ট্রোল রুমের ০১৭৬৬-৭৪০০৩৫ অথবা ০১৭৭৪-৭৭২৯৮৯ এই নাম্বারে যোগাযোগ করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী