সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পণ্যে লাভ কমিয়ে একদামে বিক্রির আহ্বান ডিসির

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০১৯ ইং
পণ্যে লাভ কমিয়ে একদামে বিক্রির আহ্বান ডিসির
চুয়াডাঙ্গায় আসন্ন রোজা ও ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় বিশেষ প্রতিবেদক: প্রতি বছর রোজা সামনে রেখে অস্থির হয়ে ওঠে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার। চিনি, ছোলা, তেলসহ অন্যান্য পণ্যের অতিরিক্ত চাহিদা থাকায় এক শ্রেণির ব্যবসায়ীরাও এটাকে অধিক মুনাফা লাভের মৌসুম হিসেবেও বেছে নেন। এরপর ঈদকে কেন্দ্র করে পাল্লা দিয়ে বাড়ে দেশী-বিদেশী পোষাকের দাম। ফলে বাজারে বিরাজ করে উত্তপ্ত পরিবেশ। যা এক ধরণের সমন্বয়হীনতা বলা যায়। অনাকাঙ্খিত এ পরিস্থিতি এড়াতে চুয়াডাঙ্গার সকল পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের অস্থায়ী সম্মেলন কক্ষে এ সভা আহ্বান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। ভোগ্যপণ্যসহ সকল পণ্যে মুনাফার পরিমাণ কমিয়ে একদামে বিক্রির আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা চুয়াডাঙ্গা জেলার পুরাতন ব্যবসায়ী, সব মৌসুমে আপনারা ব্যবসা করেন। ব্যবসায় লাভ লোকশান থাকবে। তাই বলে আসন্ন রোজা ও ঈদ উপলক্ষ্যে অধিক মুনাফা লাভের আশায় চড়া দামে পণ্য বিক্রি করবেন না। প্রয়োজনে স্বল্প মুনাফায় একদামে পণ্য বিক্রি করুন। এতে ক্রেতা ও বিক্রেতা দু’জনই লাভবান হবেন।’ জেলা প্রশাসক আরো বলেন, ‘ভোক্তার অধিকার একটি সার্বজনীন অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য সার্বজনীন এ অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন করেছে। জনবান্ধব এ আইনের যথাযথ বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে নৈতিক ভাবে ব্যবসায়ীদের ভূমিকা সবচাইতে বেশি।’ এ সময় বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখার অনুরোধও জানান তিনি। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর পণ্যের মজুদ ভালো থাকায় বাজারে কৃত্রিম সংকটের আশংকা নেই এবছর। তা ছাড়া চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটে অধিক বিক্রয়ের লক্ষ্যমাত্র নিয়ে সাশ্রয়ী মূল্যে পোষাক ক্রয়ে ক্রেতাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে। ফলে কোন ব্যবসায়ী অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রি থেকে বিরত থাকবে। প্রয়োজনে নিয়মিত মনিটরিং টিম দ্বারা বাজার তদারকির দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মশিউর রহমান হাবু, জাহিদুর রহমান সাবুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী