শাবানের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে রিট
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
শাবান মাসের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করার পর ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে আবেদনকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করার জন্য বলেছেন আদালত। আদালত বলেন, এটা ধর্মীয় সেনসেটিভ ইস্যু। এটা আদালতের বিষয়বস্তু না করাই ভালো। আবেদনকারীদের বক্তব্য আপাতত ইসলামিক ফাউন্ডেশনে লিখিত আকারে জমা দেন। তারা যদি কনসিরাডেশনে না নেন তাহলে আমাদের কাছে আসবেন। আমরা তখন ব্যবস্থা নিবো। গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন নিয়ে যান আবেদনকারীদের আইনজীবী। সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত আমাকে বলেছেন ডিজিকে (ইসলামিক ফাউন্ডেশন) জানাতে, যেন আবেদনকারীদের আবেদন গ্রহণ করেন এবং ১৭ তারিখের মিটিংয়ে আলোচনায় নেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
কমেন্ট বক্স