সতর্কতা মহড়াসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন সতর্কতা মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এবারের দিবসটির স্লোগান ছিল ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’।
চুয়াডাঙ্গা: ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা নানা আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অস্থায়ী সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। বক্তারা বলেন, ‘দুর্যোগ প্রশমন একটি সমন্বিত ধারণা। উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ইত্যাদির সমন্বয়ই হলো দুর্যোগ প্রশমন। যে উদ্দেশ্যকে কেন্দ্র করে দুই যুগ ধরে বিশ্বব্যাপী এই দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। তার কতটুকু অর্জন হয়েছে তা মূল্যায়ন করে নতুন কর্মকৌশল প্রণয়নের সময় এসেছে। কারণ অধুনা বিশ্বে ঘটে যাওয়া সব ভয়াবহ দুর্যোগ ও এর ক্ষয়ক্ষতির মাত্রা দেখে এটা প্রমাণিত, দুর্যোগের তার প্রশমনে প্রত্যাশিত স্তর পর্যন্ত এখনো আমরা পৌঁছাতে পারিনি। তবে সতর্কতা অবলম্বন করলে সামনের দিনগুলোতে দুর্যোগের ক্ষয়ক্ষতি আরো কমে আসবে।’
জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, স্কাউটস, রোভার, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার সকাল ১০টার দিকে উপজেলা চত্তর থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিয়ত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আলহাজ্ব আমজাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, স্টেশন অফিসার মখলেসুর রহমান, হাফেজ ওমর ফারুক, শিক্ষক সামসুন্নাহার, মলিনা পারভীন, মনিরুজ্জামান, নাজমুল হাসান, জামাল উদ্দান, শহিদুল ইসলাম, ফয়জুল হক প্রমুখ। সভা শেষে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর:

`দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি` এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। বাদ্যের তালে তালে র্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা ওয়ালী উদ্দীন, সহকারী কমিশনার মোহাম্মদ অনিক ইসলাম, সুজন দাশ গুপ্ত, সহকারী অধ্যাপক ফুয়াদ খান, সদর থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, মেহেরপুর ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।