সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাঠ ফাড়াই শ্রমিক রবজেলের মর্মান্তিক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৯ ইং
কাঠ ফাড়াই শ্রমিক রবজেলের মর্মান্তিক মৃত্যু!
দামুড়হুদার রামনগর-ভালাইপুর সড়কে বাইকেল আরোহীকে ট্রাকের ধাক্কা ঘটনাস্থল থেকে ফিরে রোকন: দামুড়হুদার রামনগর ভালাইপুর সড়কে ট্রাক চাপায় রজব আলী (৬০) নামের কাঠ ফাড়াই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টার সময় এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদার কলাবাড়ি মাসুদমোড়পাড়ার মৃত রবজেল শেখের বড় ছেলে রজব আলী প্রতিদিনের মত কাঠ ফাড়াই করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে ভালাইপুর মোড়ে যাচ্ছিলেন। রামনগর ভালাইপুর সড়কে জিয়ার খালের ব্রীজের উপর পৌছালে এমন সময় একটি দ্রুতগামী বালী ভর্তি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এসময় রজব আলী রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে শরীর থেকে মাংস আলাদা ও মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রজব আলী। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে। এসময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পথচারীরা পুলিশে খবর দিলে দামুড়হুদা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ হাসান তার টীম নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পুলিশে কাছে হস্তান্তর করে। পুলিশ লাশ সনাক্ত ও সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। পরে পুলিশ ঘাতক ঢাকা মেট্রো ট-১৪-১১৮১ নম্বরের ট্রাকটি জব্দ করে। নিহত রজব আলীর স্ত্রী রবিছন খাতুন বলেন, নিহত রজব আলী কখনও ইটভাটায় ও ভালাইপুর মোড়ের নওশাদের কাঠের গোলায় ফাড়াই শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের মত আজকেও কাজের জন্যে বেরিয়েছিল। নিহত রজব আলী স্ত্রীসহ ১ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। রজব আলীর ছেলে রাজ্জাক অনেক আগে থেকেই বিয়ে করে আলাদা থাকে। আর রজব আলীর বড় মেয়ে কুলছুনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে রুপা চুয়াডাঙ্গা সরকারী কলেজে বিএ অনার্স পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রজব আলী প্রতিদিনের মত বাইসাইকেলে যাচ্ছিল। ব্রীজের উপর উঠতেই সামনে থেকে ট্রাক এসে চাপা দেয়। নিহত রজব ছিল নিরীহ দিন মজুর। এই বয়সেও সারাদিন কাঠ ফাড়াইয়ের কাজ করত। এ ঘটনায় নিহত রজব আলীর মেজো ভাই মজনু বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী