মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন : বৈধ-৪৭ : ভাইস চেয়ারম্যান পদে বাতিল-১
- আপলোড তারিখঃ
০১-০৩-২০১৯
ইং
উপজেলা পরিষদ নির্বাচন’১৯ : চুয়াডাঙ্গার চার উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের
৭ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন : প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ মার্চ : নির্বাচন ২৪ মার্চ
বিশেষ প্রতিবেদক:
পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পৃথক ভাবে যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা ও ১২টায় জীবননগর উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার তাইজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুবলীগের আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার, জাকের পার্টির শফি উদ্দীন এবং বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মামুন অর রশিদ। ভাইস চেয়ারম্যান পদে বৈধ ৪ জন হলেন- আজিজুল হক হযরত, মামুন অর রশিদ (আঙ্গুর), মাসুদুর রহমান ও রিপন মন্ডল। এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৫০ জনের ভোটার সমর্থন তালিকায় একজনের স্বাক্ষর নিয়ে অস্পষ্টতা প্রমাণিত হওয়ায় সুলতান মাহমুদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী সাহাজাদী আলম মিলি ও মাসুমা আক্তার দু’জনকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান এবং ওয়াকার্স পাটি মনোনীত নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে বৈধ ঘোষণা করা হয়েছে জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, এসএম আশরাফুজ্জামান টিপু ও সুজন মিয়ার মনোনয়নপত্র। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলালীগ নেত্রী ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেনুকা আক্তার রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এরআগে সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে আলমডাঙ্গা উপজেলার চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী এবং দামড়–হুদা উপজেলার চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদনকৃত ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সকলকে বৈধ ঘোষণা করা হয়।
আলমডাঙ্গা উপজেলায় বৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চিৎলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান মল্লিক, জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান কবির, আইয়ুব হোসেন ও সানোয়ার হোসেন লাড্ডু। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার সালমুন আহমেদ, কৃষকলীগ নেতা আজিজুল হক, যুবলীগ নেতা মাসুদুর রশীদ ও উপজেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তিযোদ্ধা কাজী কামালের কন্যা কাজী মারজাহান নিতু ও বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন এবং বীর মুক্তিযোদ্ধা মোমেনা বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এড. আব্দুল কুদ্দুস, সাবেক যুবলীগ নেতা এড. আবু তালেব বিশ্বাস, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মনসুর বাবু ও জাতীয় পার্টির এহসানুল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রান্টু, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও রহুল কুদ্দুস। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকবার লাইলী, সাহিদা খাতুন ও সাহিদা সুলতানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার রাফিজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস।
নির্বাচন অফিস জানিয়েছে, মনোনয়নপত্র ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ এবং ৮ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৩৮৩টি কেন্দ্রে মোট ৮ লাখ ৫৩ হাজার ৬জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৭হাজার ৯৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ২৭ হাজার ৩১০জন।
কমেন্ট বক্স