চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সঞ্চয় সপ্তাহ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীন সম্পদ বিভাগ অধীনস্থ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা সঞ্চয় অফিস/ব্যুরো চুয়াডাঙ্গার আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, ‘ম্যাক্রো অর্থনীতিতে সঞ্চয় হলো বিনিয়োগ, বিনিয়োগ হলো উৎপাদন, উৎপাদন হলো অর্থনৈতিক উন্নতি (জিডিপি’র প্রবৃদ্ধি)। আর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কাজ হল দেশের ম্যাক্রো অর্থনীতিকে সমৃদ্ধ করা। সে লক্ষে প্রতিবারের ন্যায় এবারও জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। তিনি বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সঞ্চয়ে বিনিয়োগ করার আহ্বান জানান এবং সঞ্চয় বিষয়ে সরকারের নানা পদক্ষেপসমূহ উপস্থাপন করেন।’
এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) সিদ্দিকুর রহমান ও আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃ) এসএম ই¯্রাফিল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সঞ্চয় অফিসার মুকুল হোসেন। তিনি জনগণকে সঞ্চয়ী হতে আহ্বান জানিয়ে বলেন, আমাদের বেশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এরমধ্যে- বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরণ করা, সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করা, জাতীয় সঞ্চয় স্কীমের মাধ্যমে দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন- মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসী বাংলাদেশী এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন এবং বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করা ইত্যাদি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ নেওয়াজ। আয়োজকরা জানান, ২৩ ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত সঞ্চয় সপ্তাহ-২০১৯’র কার্যক্রম চলবে।
মেহেরপুর:

‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা সঞ্চয় অফিসের আয়োজনে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে সঞ্চয় অফিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সঞ্চয় অফিস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, জেলা সঞ্চয় কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। সভায় জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে এক সময় তা অনেক সম্পদের পরিণত হবে। তাই সকলকে সঞ্চয়ী হতে হবে। র্যালিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, বিএমএ-এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।
ঝিনাইদহ:

‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ প্রতিপাদ্যে ঝিনাইদহে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা সঞ্চয় অফিসের আয়োজনে গতকাল শনিবার সকালে সঞ্চয় অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পওে জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ময়েন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দুলাল কুমার চক্রবর্তী, সাবেক জেলা তথ্য অফিসার মনোরঞ্জন বিশ্বাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুরুজ্জামান। বক্তারা মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে মুনাফা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।