সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শপথ নিলেন ৪৯ নারী এমপি

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৯ ইং
শপথ নিলেন ৪৯ নারী এমপি
সমীকরণ প্রতিবেদন: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা এমপি হিসেবে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সংসদের শপথ কক্ষে সংরক্ষিত আসনের ৪৯ জন সংসদ সদস্যকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আইম গোলাম কিবরিয়া। প্রথমে আওয়ামী লীগ, শরিক দল ও স্বতন্ত্র এবং পরে জাতীয় পার্টির সংরক্ষিত সদস্যরা শপথ নেন। শপথ শেষে নতুন আইন প্রণেতারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় চা চক্রে অংশ নেন। নতুন সংসদ সদস্যরা পরে সচিবের অফিসে গিয়ে তালিকা বইয়ে সই করেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীসহ সংসদের হুইপরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রোববার আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জনকে সাংসদ হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একাদশ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিএনপির একটি সংরক্ষিত আসন পাওয়ার সুযোগ ছিল। কিন্তু গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী তাদের ছয় প্রার্থী এখনো শপথ নেননি। ফলে আনুপাতিক হারে তাদের যে সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা, সেটি স্থগিত রয়েছে। বাকি ৪৯ আসনের একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী