রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় রোগীদের মাঝে কম্বল বিতরণকালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০১৯ ইং
দামুড়হুদায় রোগীদের মাঝে কম্বল বিতরণকালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
অসহায় ও দুস্থদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে বিশেষ প্রতিবেদক: জেলা প্রশাসকের কার্যালয় বা অন্য কোন স্থানে সমবেত করে শীতবস্ত্র বিতরণ করা হলে একই জন বারবার পাওয়ার নজির রয়েছে। এ কারণে রাতের বেলায় কনকনে ঠান্ডা উপেক্ষা করে হতদরিদ্র, অস্বচ্ছ্বল, সমাজের পিছিয়ে পড়া মানুষ ও শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে সঠিক অসহায় ব্যক্তি নির্ধারণ করে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবারও জেলার দামুড়হুদা উপজেলাধীন পুড়াপাড়া এলাকার বাগদী, পাল ও আদিবাসী পরিবারের দুয়ারে ঘুরেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসসহ সতীর্থরা। পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝেও কম্বল দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই তার এ বিতরন কার্যক্রম চলমান রয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘সারাদেশের তুলনায় চুয়াডাঙ্গায় শীত অনেক বেশি। এই কঠিন শৈত প্রবাহে মানুষ শীতে কাবু হয়ে যায়। তাই শীত এক প্রকার দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। ফলে আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রকৃত অবস্থা নির্ধারণ করে শুধু অসহায়দেরই শীতবস্ত্র ও কম্বল প্রদান করছি।’ এ সময় সমাজের বিত্তবানসহ স্বচ্ছল ব্যক্তিদের অসহায় ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি। জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে ৯৫ বছর বয়সী মানষী রানী পাল বলেন, ‘কতজন কত কিছু পায় আর আমাগের (আমাদের) দিকি (দিকে) কেউ খিয়াল (খেয়াল) করে না। এই শিতি (শীতে) যে কী কষ্ট করে রাত কাটায় বুলে (বলে) বুজাতি (বোঝাতে) পারবো না। তুমরা (আপনারা) আমার খোঁজ করি একটা সরকারি কম্বল দিয়া (দিয়ে) অনেক উপকার কইল্লেন, (করলেন) স্যার। উপরওলায় (সৃষ্টিকর্তায়) তুমার (আপনার) অনেক ভাল করবে।’ এ ভাবে ঝুপড়ি ঘরে কঠিন শীতে কষ্টে থাকা মানষী রানীর মতো অনাকাঙ্খিত ভাবে কম্বল পেয়ে একই অনুভুতি জানান, ওই এলাকার মেনেকা রানী (৭৫), বিনোদিনী বালা (৮৫), আবেদল আলী (৬৫) ও বুধারাম সর্দ্দাররাও (৮০)। কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিসা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারী কমিশনার আমজাদ হোসেন, খাইরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত