স্বাধীনতার পর থেকেই উপেক্ষিত মেহেরপুরবাসী পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
মেহেরপুর অফিস: পরপর দুই বারের নির্বাচিত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা যুব মহিলালীগ, জেলা ছাত্রলীগসহ মেহেরপুর আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল রোববার বিকালে মন্ত্রী পরিষদ সচিব দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীর নাম ঘোষণা করেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে রয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে নবাগত মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মন্ত্রী পরিষদে প্রথম বারের মত স্থান পেয়েছেন। গতকাল রোববার বিকালে ফরহাদ হোসেনের নাম ঘোষণার পরপরই মেহেরপুর শহরসহ মেহেরপুর-১ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীসহ সাধারণ মানুষ মিষ্টি মুখ ও মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় ব্যক্তিরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ইতিহাসের দায় মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার ৪৭ বছর পার হলেও ঐতিহাসকি মুজিবনগর বরাবরই থেকেছে উপেক্ষিত। মেহেরপুরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্নপূরণ পথে এক ধাপ এগিয়ে গেল মেহেরপুর। স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথমবারের মত মেহেরপুর থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মেহেরপুরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর জেলার সর্বস্তর মানুষের দীর্ঘদিনে প্রানের দাবি আজ পুরণ হলো। এতে আমরা পৌরবাসীসহ জেলাবাসী খুবই আনন্দিত। আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে আরো বেগবান করার লক্ষে মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় মেহেরপুর পৌরসভা ও জেলা যুবলীগের পক্ষ হতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানায় প্রানঢালা অভিন্দন ও ধন্যবাদ।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চ্ন্নুু বলেন, মেহেরপুরবাসীর বহুদিনের চাওয়া পূরণ হয়েছে। এটি আমাদের চাওয়া ছিল। এতে আমরা গর্বিত। মেহেরপুর-মুজিবনগরবাসী একটি মন্ত্রী পেয়েছে। এই জেলা সকল মানুষের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানাচ্ছি।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু বলেন, মেহেরপুর-মুজিবনগর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার। এমপি ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় মুজিবনগরবাসী আজ খুবই আনন্দিত ও গর্বিত। বর্তমান সরকার একটি প্রতিমন্ত্রী মেহেরপুরবাসীকে উপহার দিয়েছে।
মেহেরপুরের বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান জানান, এমপি ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় আমি এতো খুশি হয়েছি যে আনন্দে চোখেন পানি আর ধরে রাখতে পারি নাই। আমার বুড়িপোতা ইউনিয়ন বাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানায়।
বারাদী প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় বারাদী আওয়ামী লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, বারাদী ক্যাম্প ইনর্চাজ আব্বাস আলী, আরিফুল ইসলাম লিটন, সোহেল রানা, সালাউদ্দীন, আবু জাফর লিটন, সাইদুর রহমান, প্রমুখ।