চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
০৭-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল রোববার বেলা দুইটার দিকে স্বশরীরে উপস্থিত থেকে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে কম্বল তুলে দেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘এ বছর আমরা প্রায় ২০ হাজার কম্বল পেয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে ১৫ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরাও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর চেষ্টা করছি। এই শীতে কোমলমতি শিশু-শিক্ষার্থীরাও অনেক কষ্ট করছে। তাদের জন্য একটি করে বিদ্যালয়ের প্রায় ২০০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল দেওয়া হলো।’
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সালেহীন জানায়, তাদের একটা ছোট্ট টিনের ঘর আছে। গরমকালে গরম, শীতকালে প্রচুর শীতে কষ্ট করতে হয়। বাবা অটোচালক, কিছুটা অর্থাভাব আছে। গরম কাপড় আর লেপ-কম্বল যা আছে তা দিয়ে সবার শীত নিবারণ হয় না। জেলা প্রশাসকের হাত থেকে একটি কম্বল পেয়ে বেজায় খুশি সে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারী কমিশনার আমজাদ হোসেন, খাইরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কমেন্ট বক্স