চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
২১-১২-২০১৮
ইং
সমাজ সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা ও সংবাদপত্রের উৎকর্ষতা মেলে ধরার জন্য জেলা প্রশাসকের সব সময়ই সহযোগিতা থাকে, এখনও প্রয়োজনীয় সহযোগিতায় কমতি থাকবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার কার্যালয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত ‘সম্পাদক পরিষদ’ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় এ মন্তব্য করে বলেন, সমাজ সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে। স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ জেলা প্রশাসকের চা চক্রে আসন্ন নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। সংবাদ সংগ্রহে স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সুযোগ বৃদ্ধির বিষয়টিও উঠে আসে আলোচনায়। প্রাসঙ্গিকভাবেই প্রাধান্য পায় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহে যানবহন ব্যবহারে নির্বাচন কমিশনারের নিদের্শনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আসন্ন সাধারণ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করা যায় সে লক্ষে সকল স্থানীয় পত্রিকার সম্পাদকদের সহযোগিতা কামনা করে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল প্রকারের পদক্ষেপ নিয়েছে। যেখানেই কোন ঘটনা ঘটছে সেখানেই আমরা ছুটে যাচ্ছি। সম্মানিত ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে, হবে। একাধিক টিম থাকবে। গ্রাম পুলিশ থেকে শুরু করে সেনা সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে কাজ করবেন। ফলে নির্বাচন নিয়ে কোন প্রকারের শঙ্কা থাকা কারো উচিৎ নয়। মতবিনিময়ে স্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, সদস্য সচিব সরদার আল আমিন, গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক এ্যাড. তছিরুল আলম মালিক, প্রেসক্লাব সেক্রেটারি রাজীব হাসান কচি, নাজমুল হক স্বপন, কামাল উদ্দীন সান্টু, শেখ আব্দুল আজিজ ও রুহুল আমিন রতন উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে সদস্য সচিব স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদ গঠন এবং লক্ষ্য তুলে ধরেন। আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে সম্পাদক পরিষদের গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানান।
কমেন্ট বক্স