তদন্ত কমিটির হাতে অভিযোগের কপি : পুলিশ প্রোটেকশন প্রদানে এসপিকে চিঠি
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামানের শরীফের গাড়ী বহরে হামলার ঘটনায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর আচরণ বিধি লংঘনের অভিযোগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি আমলে নিয়ে গতকালই ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগপত্রের কপি প্রেরণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস। স্মারক নং- ১৭.০৫.১৮০০.০০০.৩৬.০০৮.১৮-৬২২, ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও দায়রা জজ আদালত, চুয়াডাঙ্গা ও চেয়ারম্যান, নির্বাচনি তদন্ত কমিটি বেগম নিলা কর্মকার এবং বিজ্ঞ সহকারী জজ ও সদস্য, নির্বাচনি তদন্ত কমিটি বেগম মাহবুবা শারমিনকে অভিযোগের তদন্ত পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

একই দপ্তরে পুলিশ প্রোটেকশন বিষয়ে একটি আবেদন দাখিল করেন শরীফুজ্জামান। এ আবেদনের প্রেক্ষিতে স্মারক নং- ১৭.০৫.১৮০০.০০০.৩৬.০০৮.১৮-৬২৩, ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক স্বাক্ষরিত অপর এক চিঠিতে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০১৮ উপলক্ষে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামানকে পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমকে।’
এদিকে, নির্বাচনী প্রচারণার প্রথম দিন গত সোমবার চুয়াডাঙ্গা-১ আসন এলাকাধীন আলমডাঙ্গা থেকে ফেরার পথে মুন্সীগঞ্জ পশুহাট নামক স্থানে গাড়ী বহরে হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং-১০, তারিখ- ১১/১২/১৮। হামলার নেতৃত্বে থাকা উল্লেখযোগ্য ২৩ জনসহ অজ্ঞাতনামা শতাধিক জনের নামে বাদী হয়ে মামলাটি দায়ের করেন মো. শরীফুজ্জামান।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, ‘বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গাড়ী বহরের হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। শিঘ্রই তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিনেই প্রতিপক্ষের হামলার শিকার হন জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। গত সোমবার আলমডাঙ্গায় প্রচারণা শেষে ফেরার পথে রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ পশুহাট নামক স্থানে পৌঁছুলে তাঁর গাড়ী বহরে হামলা করা হয়। এতে গাড়ীর ড্রাইভারসহ ৭ জন নেতাকর্মী আহত হয় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হন তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী দু’টি মাইক্রোবাস। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাত ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে হামলার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. ওয়াহেদুজ্জামান বুলা, মুজিবুল হক মালিক মজু, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব এম. সবুর আলীসহ নেতৃবৃন্দ।