সংলাপে খুশি যুক্তফ্রন্ট
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৮
ইং
ডেস্ক রিপোর্ট: ১৪ দলের নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সংলাপ শেষে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সংলাপে তারা খুশি। যে কথাগুলো বলতে চেয়েছিলেন সেগুলো পরিস্কারভাবে বলতে পেরেছেন। কয়েকটি দাবিতে সরকারি দলের সঙ্গে মতৈক্য হয়েছে। সংলাপ ফলপ্রসূ হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে বি. চৌধুরী জানান, তাদের কথা ক্ষমতাসীন দল গ্রহণ করেছে বলে মনে করেন। নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হলে তারা নির্বাচনে যাবেন। অন্যদিকে, সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তফ্রন্টের নেতারা যা বলছেন তা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। যুক্তফ্রন্টের সাত দফা দাবির অনেকগুলো মেনে নিয়েছে ক্ষমতাসীন জোট। তিনি জানান, যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সাংবিধানিক সুযোগ নেই। সেনাবাহিনী ভোটে থাকবে 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে। প্রয়োজন হলে তাদের ডাকবে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে সংলাপে বসে বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। নির্বাচন সামনে রেখে দুই জোটের নেতৃবৃন্দ প্রায় তিন ঘণ্টা খোলামেলা আলোচনা করেন। এ সময় যুক্তফ্রন্টের পক্ষে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিভিন্ন রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন, ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সংসদ ভেঙে দেওয়া সম্ভব না হলে নিষ্ক্রিয় রেখে ভোটের মাঠে এমপি-মন্ত্রীদের সরকারি সুবিধা না দেওয়া, সীমিত ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অধীনে রাখা ও নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতির অধীনস্ত করা এবং রাজনৈতিক কারাবন্দিদের মুক্তি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করে ১৪ দল। সাড়ে তিন ঘণ্টার ওই আলোচনায় ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানের বাইরে যাবে না। সংলাপ শেষে বিএনপি সরাসরি তাদের অসন্তোষের কথা জানায়। আর ড. কামাল হোসেন বলেন, বিশেষ সমাধান না পেলেও সংলাপের ভবিষ্যৎ ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী।
কমেন্ট বক্স