সভার মাঠ পরিদর্শনে ডিসি-এসপি: জেলা জুড়ে কঠোর নিরাপত্তা
- আপলোড তারিখঃ
২৮-১০-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় আজ ১৪ দলের জনসভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আজ ১৪ দলীয় জোটের জনসভা। এ উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আজ টাউন ফুটবল মাঠে নির্মিত বিশাল মঞ্চযুক্ত প্যান্ডেলে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রস্তুতিমূলক মাঠে গতকাল শনিবার রাতে পরিদর্শনে যান জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এসময় তারা জনসভার প্রস্তুতিমূলক মাঠের সার্বিক খোঁজখবর নেন। এদিকে, মন্ত্রীর আগমন ও ১৪ দলীয় জোটের জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে চুয়াডাঙ্গা জুড়ে কঠোর নিরাপত্তায় তৎপর পুলিশ প্রশাসন। জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সভাস্থল ও চারপাশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারিতে থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বিন্দুমাত্র নিরাপত্তার ঘাটতি যাতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাই শোনা গেছে পুলিশের কর্তা-ব্যক্তিদের মুখে। চুয়াডাঙ্গা প্রবেশ পথে তল্লাশী ব্যবস্থা থাকবে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা তিন ভাগে বিভক্ত থেকে মাঠে কাজ করবে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাঠে উপস্থিত থাকবেন। এই ১৪ দলীয় জোটের জনসভায় সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
কমেন্ট বক্স