চুয়াডাঙ্গায় কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কনসার্ট আজ
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
মঞ্চ মাতাবেন জেমস-আঁখি আলমগীর-বাপ্পারা
ফেরদৌস ওয়াহিদ: বর্তমান সরকারের ‘উন্নয়নের ধারাবাহিকতা’ উদযাপন করতে আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে ‘অপ্রতিরোধ্য অভিযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে উন্নয়ন কনসার্ট। দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জাফরপুরস্থ নতুন স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ কনসার্টে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস্, আঁখি আলমগীর, ব্যান্ডদল দল ছুট ও এমআই রাজুসহ দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পীগণ গান পরিবেশন করবেন বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কনসার্ট থাকবে সর্বসাধারণে জন্য উন্মুক্ত, যার ফলে শহরবাসীসহ সর্বস্তরের জনসাধারণ খুব কাছ থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে পারবেন। কনসার্ট ঘিরে হাতে নেয়া সকল প্রস্তুতিই মোটামুটি শেষ হয়েছে। সোমবার সারাদিন পুরোদমে চলে মঞ্চ নির্মাণের কাজ। নানা সাজে সজ্জিত করা হয়েছে স্টেডিয়াম প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। কনসার্টের তারিখ ও সময় ঘোষণা করে শহরসহ জেলার সর্বত্র করা হচ্ছে মাইকিং। সব মিলিয়ে সরকারের উন্নয়ন উদযাপনের এ কনসার্ট ঘিরে উৎসবের আমেজ চুয়াডাঙ্গার চারিদিকে সাজ সাজ রব।
কনসার্টের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ ছাড়াও কনসার্টকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গার সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতিতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্তক্রমে চুয়াডাঙ্গা শহরসহ জেলার সর্বত্র টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, করা হয়েছে মাইকিং।
সোমবার বিকেলে চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে চোখে পড়ে কনসার্ট ঘিরে নিয়োজিত লোকজনের ব্যস্ততা। মঞ্চ তৈরিসহ স্টেডিয়ামের সাজসজ্জায় ব্যস্ত তারা। ইতিমধ্যেই স্টেডিয়ামের গ্যালারি ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। চারিদিকেই নান্দনিক পরিবেশ; চোখে পড়ে সাজ সাজ রব।
কনসার্টের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, প্ল্যান (পরিকল্পনা) অনুযায়ী সবকিছু এগিয়ে চলছে। ইতিমধ্যেই প্রস্তুতির বেশিরভাগই শেষ পর্যায়ে। কনসার্টের মঞ্চও নির্মাণ হয়ে গেছে; বাকি কেবল এর সাজ্জ-সজ্জা। রাতের মধ্যেই এ কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী তিনি। জেলা প্রশাসক বলেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ কনসার্টে চুয়াডাঙ্গাবাসী খুব কাছ থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে পারবেন। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এ কনসার্ট সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠেয় এ কনসার্টে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকষর্ণীয় লেজার শো ও আতশবাজি।
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন বিশিষ্ট উপস্থাপক রাফসান সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
কমেন্ট বক্স