কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতদিয়াড় কন্ট্রাক্ট গ্রোয়ার্স চত্বরে (দৌলতদিয়াড় বিএডিসি কোরিয়ান গোডাউন প্রাঙ্গনে) এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, জননেত্রী শেখ হাসিনা অহেতুক কাউকে হয়রানি করেন না, বর্তমানে জাতীয় ঐক্যের নামে কতিপয় নামধারী রাজনৈতিক ব্যক্তিরা, যারা নির্বাচন করলে জামানত বাজেয়াপ্ত হয়। তারা আবার নিজেদেরকে আইন বিশেষজ্ঞও ভাবেন। তারা কিনা অহেতুক খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে দেন দরবার শুরু করেছে। অথচ খালেদা জিয়া দূর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী হিসেবে জেলখানায় অবস্থান করছে। খালেদা জিয়া মুক্তি পাবে কি পাবে না? সেটা মাননীয় আদালত সিদ্ধান্ত নিবে। এটা সরকারের বিষয় না। আমরা মানে আওয়ামী লীগ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন যখন নির্বাচনের জন্য সকল দলকে আহবান জানাচ্ছে ঠিক তখনি কিছু কাগুজে বাঘ ঢাকায় বসে জাতীয় ঐক্যজোটের নাম করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। বি চৌধুরীর মনে রাখা উচিত বিএনপি তাকে মারতে মারতে মহাখালীর রেললাইন পর্যন্ত তেড়ে নিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতির পদ থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছিল। সেই বিএনপির কোলে চেপেই বি চৌধুরী আন্দোলনের ডাক দিচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না। আসুন সকল ভেদাভেদ ভুলে, আমরা নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ভোটর উপর আস্থা রেখেই নির্বাচনে জয়ী হতে চাই, কোন অশুভ শক্তির দ্বারা নই। তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মিরায় দলের মূল শক্তি। আওয়ামী লীগ সবসময় দলের তৃণমূল নেতাকর্মিদের কথা ভাবে। কেননা জনতাই গণতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উৎস্য। তাই জামায়াত কিম্বা বিএনপি যত ষড়যন্ত্রই করুক, সেটা কখনো সফল হবে না। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবুর রহমান। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, ছাত্রলীগ, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন