একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায়কে প্রত্যাখ্যান করে
- আপলোড তারিখঃ
১১-১০-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি
একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায়কে প্রত্যাখ্যান করে বিবৃতি প্রদান করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও ছাত্রদল। গতকাল বুধবার পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি প্রদান করে যুবদল ও ছাত্রদল।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতাসীনদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ রায় দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদল মনে করে এ রায় রাজনৈতিক প্রতিহিংসার রায়। আমরা এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এটি ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রকাশ। জাতির জন্য দুর্ভাগ্য এ রায়ের মাধ্যমে সরকার আরও একটি নোংরা প্রতিহিংসার দৃষ্টান্ত স্থাপন করল। যেভাবে ‘মিথ্যা’ মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে, সেভাবে আরেকটি মামলায় বিএনপির নেতাদের সাজা দেয়া হলো। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে প্রমাণিত হলো এ দেশে সাধারণ কোনো মানুষের ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা নেই। আমরা মনে করি এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই প্রতিহিংসামূলক রায়কে প্রত্যাখান করছি। জাতির দুর্ভাগ্য এই যে, সরকার তার এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আদালতকে ব্যবহার করে আরেকটি মন্দ দৃষ্টান্ত স্থাপন করলো। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের আর কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আজ তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়ার মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো যে, এদেশে কোনো নাগরিকেরই আর সুবিচার পাওয়ার সুযোগ নেই। আমরা চুয়াডাঙ্গা জেলা যুবদলের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলাসহ দেশবাসীকে সরকারের এহেন প্রতিহিংসামূলক আচরণ এবং আদালতের মাধ্যমে তা কার্যকর করার নোংরা কৌশল সম্পর্কে সজাগ হয়ে অনির্বাচিত এই সরকারকে হটিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
অপরদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা সম্পূর্ণ সরকারের উদ্দেশ্য প্রণোদিত। এই অবৈধ রায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো: শাহাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা এক যৌথ বিবৃতিতে বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় আওয়ামী লীগের প্রতিহিংসার মূল কারণ। দলীয় কর্মকর্তার দ্বারা অধিকতর তদন্তের নামে তারেক রহমানকে সরকারের ইশারায় আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরনেরও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অন্যায়ের জবাব রাজনৈতিকভাবে দিতে প্রস্তুত আছে। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স