নদীর নামেই পদ্মা সেতু
- আপলোড তারিখঃ
০৫-১০-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নয়, পদ্মা নদীর ওপর নির্মীয়মাণ সেতুর নাম এ নদীর নামেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই প্রস্তাবিত নাম থেকে তার নামের অংশটুকু কেটে দিয়েছেন। এ কারণে নদীর নামেই এই সেতুর নামকরণ করা হচ্ছে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনমতের প্রতিফলন ঘটাতে আমরা পদ্মা সেতুর নাম দিতে চেয়েছিলাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’। কিন্তু বুধবার (৪ঠা অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী উন্নয়ন মেলায় আমাকে বলে দিয়েছেন, সেতুর সঙ্গে তার নাম থাকবে না। তিনি শেখ হাসিনা নামটি কেটে দিয়েছেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে বলেছেন, এই পদ্মা সেতু নিয়ে আমার পরিবার অপমানিত হয়েছে, আমি নিজেও অপমানিত হয়েছি। বিশ্বব্যাংক আমাদের অনেক হেনস্তা করেছে। এখানে আমার পরিবারের কোনো নাম আমি যুক্ত করতে চাই না। এটা আমার চ্যালেঞ্জের সেতু। পদ্মা নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ হবে। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন করায় সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংস্কৃতিক সংগঠকেরা তার নামে এই সেতুর নামকরণ করার দাবি জানিয়ে আসছিলেন।
কমেন্ট বক্স