মাদক দমনে চুয়াডাঙ্গা জেলার ভূমিকা অগ্রগণ্য থাকতে হবে
জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন ও নথিপত্র পর্যালোচনা শেষে সন্তোষ প্রকাশ
হুসাইন মালিক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম। ঢাকা থেকে সড়ক পথে কুষ্টিয়া হয়ে বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে তিনি চুয়াডাঙ্গায় পৌছান। গত ২৩ সেপ্টেম্বর রোববার রাত ৯টার দিকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মইনুর রহমান চৌধুরী বিপিএম চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে গতকাল ২৪ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের মনোজ্ঞ প্যারেডে চুয়াডাঙ্গায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশের অতিরিক্ত আইজি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম সালামি গ্রহন করেন। সালামি গ্রহন শেষে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং দরবার বা কল্যাণ সভায় অংশগ্রহন নেন। এরপর সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে পৌছে এসে পুলিশ অফিস পরিদর্শন ও পুলিশ সুপারের বিভিন্ন দপ্তরের নথিপত্র পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়ে মিলিত হোন এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের ভাবমূর্তি সম্পর্কে ধারণা গ্রহণ করেন। এসময় চুয়াডাঙ্গা জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপোষ নয়। মাদক দমনে অন্যান্য জেলার পাশাপাশি চুয়াডাঙ্গা জেলার ভূমিকা অগ্রগণ্য থাকতে হবে। এছাড়াও মাদকসেবী বা ব্যবসায়ীদের সুবিধা দেয়ার চেষ্টা যদি কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠে তাহলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম জেলা পুলিশের রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন শেষে দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে সড়ক পথে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ বিভিন্ন পদ মর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত থেকে তাকে বিদায় দেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত আইজি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম স্যার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে কোন অবজারভেশন দেননি বরং তিনি জেলা পুলিশের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিগত ১০ বছরের মধ্যে চুয়াডাঙ্গায় এই প্রথম বাংলাদেশ পুলিশের উর্দ্ধতন কোন কর্মকর্তা বার্ষিক পরিদর্শনে আসলেন এবং জেলা পুলিশের সকল কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করলেন এবং পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমসহ জেলা পুলিশকে ধন্যবাদ জানালেন।