জীবননগর পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
২০-০৯-২০১৮
ইং
ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে
জীবননগর অফিস: জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন শেষে বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয় আলোচনা করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয় উপস্থিত হতে হবে। বাড়িতে পড়ার সময় যে সমস্ত বিষয় বুঝতে সমস্যা হয়, বিদ্যালয় নিয়মিত উপস্থিত হলে শিক্ষকরা সেগুলো ভালো করে বুঝিয়ে দেন। তাছাড়া যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি শিক্ষার্থীদের আরো বলেন, বর্তমান সমাজে বাল্যবিবাহ একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই বাল্যবিবাহ প্রতিরোধে তোমরা সকলে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজন হলে উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন জনপ্রতিনিধিসহ নিকটস্থ থানা পুলিশকে জানিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সাহায্য নিবে। সমাজের সকলে একত্রিত হয়ে প্রতিবাদ না করলে এই বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। এ সময় তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহ বন্ধ, ‘বাল্যবিবাহকে না’ শপথ পাঠ করান।
এসময় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রঞ্জন চক্রবর্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পালসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স