চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৮-০৬-২০১৮
ইং
টাউন ফুটবল মাঠে জেলার সর্ববৃহৎ জামাত আদায়ের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও ঈদুল ফিতর উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে ঈদুল ফিতর উদযাপনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের আয়তন তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় ঈদের জামাতে ভোগান্তিতে পড়তে হয় মুসুল্লিদের। তাই এবারের কেন্দ্রীয় ঈদ জামাত টাউন ফুটবল মাঠে আয়োজন করার প্রস্তাব করেন প্রফেসর সিদ্দিকুর রহমান। তার প্রস্তাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজক পৌরসভার পক্ষে সমর্থন করেন প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। তবে এটি বিবাদমান জমি এবং বিভিন্ন সময়ে এখানে আনন্দ, উল্লাস, মেলা, খেলা আর গানবাজনা হয়; এ কারণে টাউন ফুটবল মাঠে ঈদের নামাজ হবে কী না বিষয়টি নিয়ে ধর্মীয় আলোচনার অনুরোধ করেন অনেকে। এ ব্যাপারে আগামী ১২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা আহ্বান করেন জেলা প্রশাসক। তিনি বলেন, প্রাথমিক ভাবে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছি। তবে সকলের সাথে আলোচনা সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বছর ঈদুল ফিতরের দিন কোন রাজনৈতিক দলের ব্যানারে ঈদের জামাত করা যাবে না। ধর্মীয় উৎসব; সকলকে সাথে নিয়েই উদযাপন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন, ঈদগা ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স