চুয়াডাঙ্গার হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: হিজলগাড়ি ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল ও মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোস্ত গ্রামের বটতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মাগুড়া জেলা সদরের ২নং ওয়ার্ডের স্টেডিয়ামপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে পপুলার ফার্মাসিটিক্যাল কোম্পানীর মার্কেটিং প্রমোশন অফিসার (এমপিও) নাজমুল আলম (৪০), একই জেলার নিজ নান্দুয়ালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাইক্রোবাস ড্রাইভার সুজন ওরফে খালিদ (২৫) ও একই জেলার ৯নং ওয়ার্ড হাসপাতালপাড়ার আবুল হোসেনের ছেলে মাইক্রোবাস হেলপার অন্তর শেখকে (২০)।

হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, শুক্রবার নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি-দর্শনা আঞ্চলিক সড়কের দোস্ত বটতলা বাজার নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা অভিমুখ হতে আসা একটি মাইক্রোবাস যার নং (ঢাকা মেট্রো-গ-১২-২৯২৩) কে সন্দেহহজনকভাবে গতিরোধ করে। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের পিছনের ডালা খুলে সেখান হতে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ফেনসিডিল ব্যবসায়ী মাইক্রোবাসের চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃত আসামীদেরকে ফেনসিডিল ও মাইক্রোবাসসহ গতকাল রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে। আটকৃকতরা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার গাঙের ধারপাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী সাহানারার কাছ হতে ফেনসিডিলগুলো ক্রয় করেছে।