চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা জিল্লু চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার ঘটনা
- আপলোড তারিখঃ
১০-০৫-২০১৮
ইং
অজ্ঞাত দু’জনের নামে মামলা : হয়নি প্রতিবাদ সভা : আজ সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর বাসভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাত দু’জনকে আসামী করে সদর থানায় মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নং- ২২, ০৯/০৫/১৮)। গতকাল রাত সাড়ে ১০টার দিকে জিল্লুর রহমান বাদীয় হয়ে মামলাটি দায়ের করেন। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের বাসভবনে গভীর রাতে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, বোমা হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। কিছু তথ্য পাওয়া গেছে; তদন্ত চলছে। শিঘ্রই জড়িত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে। এদিকে, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের বাড়িতে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সভার আহ্বান জানানো হয়। তবে পুলিশ সুপারের অনুরোধে প্রতিবাদ সভা/বিক্ষোভ সমাবেশ আপাতত স্থগিত করা হয়। পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাফিজুর রহমান মাফির এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে। বোমা হামলার ঘটনা তদন্তে জিল্লু চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন একটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন, ‘ঘটনার প্রত্যক্ষদর্শীরা দেখেছেন একটি মোটরসাইকেলযোগে দু’জন বোমা হামলা চালিয়ে বাড়ির সামনে দিয়ে বড় পুকুরের দিকে পালিয়েছে। রাতের আধারে তাদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে জিল্লু চেয়ারম্যানের বাসভবনের কিছুটা সামনেই একটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলে হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হবে। তাই তদন্ত করার সময় প্রশাসনকে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষার অনুরোধ জানাচ্ছি।’ অপরদিকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু চেয়ারম্যানের বাড়িতে গভীর রাতে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল বুধবার রাতে আহ্বায়ক স্বাক্ষরিত এক প্রেস নোটে জানানো হয়- অতি দুঃখের সহিত এবং সহমর্মিতার সহিত বলিতেছি যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান এর বাড়িতে গত রাত ১২ ঘটিকার দিতে যে বোমা হামলা হইয়াছে তাহা অতি দুঃখজনক ও ন্যাক্কার জনক। ইহার জন্য জেলা যুবলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ জঘন্য কাজের জন্য সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে অতিসত্বর দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান করা হইলো। আমরা জেলা যুবলীগ সব সময় আমাদের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের পাশে আছি ও থাকব। উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জিল্লুর রহমান জিল্লুর চুয়াডাঙ্গা পৌর শহরের শেখ পাড়াস্থ বাসভবনে বোমা হামলা চালায় দুর্বত্তরা। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাত ১১টা ৫৮মিনিটের দিকে জিল্লু চেয়ারম্যানের মেয়ে তামান্না বাড়ির পশ্চিম কোণের বেলকোনি থেকে নিজ ঘরে ঢুকে জানালা বন্ধ করছিল। এ সময় বড় বাজার দুর্গা মন্দিরের দিক থেকে একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত দু’জন বাড়ির সামনে এসে ওই বেলকোনিতেই মুহূর্তের মধ্যে দু’টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। বোমার বিকট শব্দে আশপাশ এলাকা প্রকম্পিত হলে স্থানীয়রা ছুটে এসে বোমা বিস্ফোরণের চিহ্ন দেখতে পায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি; তবে আতঙ্কিত হয় পরিবারসহ প্রতিবেশীরা। এরআগে বিগত চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের সময়ও একই ভাবে এই বাড়িতে বোমা হামলা চালানো হয়।
কমেন্ট বক্স