শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফের দানা বাঁধছে কোটা আন্দোলন : আলটিমেটাম ২৪ ঘণ্টার

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০১৮ ইং
ফের দানা বাঁধছে কোটা আন্দোলন : আলটিমেটাম ২৪ ঘণ্টার
দু-একদিনের মধ্যে কমিটি : জনপ্রশাসন সচিব সমীকরণ ডেস্ক: প্রজ্ঞাপন জারি না করাকে কেন্দ্র করে ফের দানা বাঁধছে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন। আজ বৃহস্পতিবারের মধ্যে ৫ দফার আলোকে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হলে আগামী রোববার থেকে ফের আন্দোলন শুরুর ঘোষণা দেয়া হয়। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি শেষে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এদিন ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের সঙ্গে সুর মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন শিক্ষাবিদদের অনেকে। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানান। এ অবস্থায় আগামী দু-একদিনের মধ্যে কোটা সংস্কারের বিষয়ে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। গতকাল বুধবার তিনি বলেন, ‘কোটা সংস্কার হোক, বাতিল হোক অথবা যে ফরমেটেই থাকুক তা শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন, আমরা মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটির প্রস্তাব দিয়েছি। আশা করি দু-একদিনের মধ্যেই এ কমিটির প্রজ্ঞাপন জারি করা হবে। তারপর কমিটি হয়তো ১০ থেকে ২০ কার্যদিবস সময় নিতে পারে। তাদের সুপারিশের ভিত্তিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। একটা কাজ করতে হলে সময় দিতে হবে। আমরা কোটা সংস্কার নিয়ে কাজ করছি। এটি এ মাসের মধ্যেই চূড়ান্ত হতে পারে।’ ``কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই। কোটা যদি দরকার হয় ক্যাবিনেট সেক্রেটারি তো আছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাড়ি ফেরেন আন্দোলনকারীরা। তারপরও প্রজ্ঞাপন জারি না করায় ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেন আন্দোলনকারীরা। এর মধ্যে গেজেট প্রকাশ না হলে পহেলা মে থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তারা। এমন অবস্থায় ২৭ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ওই বৈঠক শেষে আওয়ামী লীগ নেতাদের অনুরোধে এবং মামলা প্রত্যাহারের আশ্বাসে ৭ মে পর্যন্ত আলটিমেটামের সময় বৃদ্ধি করে আন্দোলনকারীরা। এরপর ৭মে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমে জানান, তার কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান