কোটা সংস্কার বাতিল নিয়ে ঢাকাতে মুক্তিযোদ্ধা মহা-সমাবেশ করা হবে
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক
এসএম শাফায়েত: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে কথা বলেছেন; সে ব্যাপারে আমাদের মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সবার ধারণা কোটা পদ্ধতির কারণে মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানেরা সে সুযোগ সুবিধা পেয়ে আসছিল তা থেকে এখন বঞ্চিত হবেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আছেন। তিনি বিদেশ থেকে আসার পরে আমাদের দাবি নিয়ে কথা হবে। একই সাথে কোটা সংস্কার বাতিল নিয়ে ঢাকাতে একটি মুক্তিযোদ্ধা মহা-সমাবেশের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আরো ৩টি বোনাস-ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আযহার দুটি বোনাস-ভাতা পেয়ে থাকেন। আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পহেলা বৈশাখে আরো নতুন তিনটি বোনাস-ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। আর এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণে সচেষ্ট হবে। এ ছাড়া আগামী ১’লা মে থেকে শতভাগ মুক্তিযোদ্ধা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বলে জানান মন্ত্রী।
আগামী নির্বাচন নিয়ে আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে তা সাংবিধানিক নিয়মেই হবে। কারো কোন মামার বাড়ির আবদারে কোন কিছু হবে না। এবারও তাই নৌকা প্রতীকের বর্তমান সরকারকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলে ঐক্যবদ্ধ হোন।’
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় (জোলের ধার) নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কমপ্লেক্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)। এরআগে তিনি গত ১৭ এপ্রিল মেহেরপুর মুজিবনগরের আ¤্রকাননে আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভা ও গাংনীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে মেহেরপুরে অবস্থান করছিলেন। সেখান থেকে সড়ক পথে গতকাল বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গায় আসেন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে তা দেখে কোটা বিরোধী আন্দোলনকারীদের গা’জ্বালা দিচ্ছে। তারা পরিকল্পিত ভাবে মাঠে নেমেছে। আন্দোলনের নামে নৈরাজ্য চালাচ্ছে। তাই কোন গুজবে কান দিয়ে শেখ হাসিনাকে সমর্থন দিন; ঘরে ঘরে আওয়ামী লীগ সমর্থক বানান। না চাইতে এই সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে; এখন আপনারাও কিছু দেন।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন, ‘সকলকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। মুক্তিযোদ্ধাদের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। যাদের রক্তে অর্জিত আজকের স্বাধীনতা; তাদের অধিকার আদায়ে সকলকে এগিয়ে আসতে হবে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘গত তিন বছরে চুয়াডাঙ্গা জেলার সাড়ে ৩০০ মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে না ফেরার দেশে গেছেন। দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা কমছে। তাদের সম্মান ও স্মৃতি ধরে রাখতে সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে।’
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ উল আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বীর মুক্তিযোদ্ধা (অব: সুবেদার মেজর) সাইদুর রহমান (বীর প্রতীক), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা পরিষদ সচিব নুরজাহান খানম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, এড. আব্দুল মালেক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কমেন্ট বক্স