ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানাসহ কয়েকটি ফাঁড়ি’র অভিযানে মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর ফাঁড়ি, সদর ফাঁড়ি ও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ব্যবসায়ী ও সেবনকারী আটক। গতকাল শুক্রবার পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও দুই কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এনআই ইবনে খালিদ ইস্টালিন সঙ্গীয় ফোর্স গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে আকুন্দবাড়ীয়া আবাসন প্রকল্প এলাকায় হাসানের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের কলম আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলবারকে (২০) আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রসাদ কুমার চাকী গোপন সাংবাদের ভিত্তিতে গতকাল ১টার পর গহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাঙ্গিয়ারপোতা গ্রামের জহিরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সজিবকে (১৫) আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসার ২০ হাজার টাকা উদ্ধার করেন। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ গতকালই আদালতে প্রেরণ করা হয়।
এছাড়াও সরজগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই মাহাবুব সঙ্গীয় ফোর্স গতকাল সকাল ৯টার সময় ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ঈদগা পাড়ার শওকতের ছেলে হারুনকে (৩৫) আটক করেন। এসময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকালই আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়।
এদিকে গতকাল বিকাল ৩টার দিকে সদর ফাঁড়ির এএসআই ইমরান বেলগাছি মুসলিম পাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার টুকুর ছেলে ইমনকে (২০) গাঁজা সেবনের অপরাধে আটক করেন। অপরদিকে সন্ধ্যার পর সদর থানার এসআই কিশোর কুমার বড় বাজার এলাকায় মাথাভাঙ্গা ব্রীজের নিচে অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় দু’মাদক সেবনকারীকে আটক করেন। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর শহরের ইসলাম পড়ার মৃত আলেম মন্ডলের ছেলে সহিদুল ইসলাম (৪৫) ও একই এলাকার মৃত মাহাত্তেমের ছেলে আবু বক্কর (৪২)। পরে আটককৃত এসকল মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানা হেফাজতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই অংশ হিসেবে গতকাল মধ্যরাত থেকে দিনভর চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার টাকাসহ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলার মোট ১৮ জন আসামীকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে যেসকল আসামী থানা হেফাজতে আটক আছেন তাদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
