ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ জনসহ গত দু’দিনে ওয়ারেন্টভুক্ত আরো ৩ আসামী আটক হয়েছে। আটককৃতদের গতকালই আদালতে প্রেরণ করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
থানা সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে এসআই একরাম সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গার দাসপাড়ায় অভিযান চালিয়ে ছলিম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। একটি বাঁশ বাগান থেকে তাকে আটকের পর তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা ৫পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫শ’ টাকা জব্দ করা হয়। আলমডাঙ্গার দাসপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে ছলিম এলাকার এক শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। সে কেজি, কেজি গাঁজা পাইকারী বিক্রি করে থাকে। এ ছাড়াও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের নেশার দ্রব্য বিক্রি করে। তার স্ত্রীও মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকার লোকজন জানিয়েছে। পুলিশ তাকে ধরতে বেশ কিছুদিন থেকে তৎপরতা ছিল। এলাকাবাসী জানিয়েছে সে বর্তমানে এলাকার সব চেয়ে বড় মাদক কারবারী।
এদিকে গতকাল বৃহম্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে আটক করেছে। তাদেরকে স্টেশন এলাকায় মাদক সেবনকালে আটক করা হয়। আটকৃতরা হল- নতিডাঙ্গা গ্রামের ফকিরচাঁদ শেখের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের তাঁরাচাঁদ খার ছেলে বিল্লাল।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে ৩ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে। আলমডাঙ্গার থানার এসআই জিয়া বৃহস্পতিবার রাতে পৌর এলাকার রাধিকাগঞ্জে অভিযান চালিয়ে মৃত কলিমুদ্দীনের ছেলে রাজ্জাককে আটক করে। সে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এ ছাড়াও একই রাতে এসআই বাকী বিল্লাহ হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম ও এএসআই খালেদ গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে জমসেদ আলীর ছেলে কাজলকে আটক করে। তারা দু’জনই মামলার ওয়ন্টেভুক্ত আসামী। আটক ব্যক্তিদের গতকাল জেল হাজতে পাঠানো হয়েছে।
